রাহুলের কথায়, “ভারত বহু ভাষা, সংস্কৃতি আর ধর্মের দেশ। প্রকৃত গণতন্ত্র মানে সব কিছুর জন্য সমান জায়গা তৈরি করা। অথচ বর্তমানে সেই গণতান্ত্রিক কাঠামো চারদিক থেকে আক্রমণের মুখে পড়েছে।”

রাহুল গান্ধী
শেষ আপডেট: 2 October 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন (Britain) আর আমেরিকার (America) পর এ বার দক্ষিণ আমেরিকা সফরে গিয়েও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তৃতায় তিনি অভিযোগ করলেন, আজকের ভারতের সবচেয়ে বড় সংকট হল গণতন্ত্রের ওপর নিরবচ্ছিন্ন আঘাত।
রাহুলের কথায়, “ভারত বহু ভাষা, সংস্কৃতি আর ধর্মের দেশ। প্রকৃত গণতন্ত্র মানে সব কিছুর জন্য সমান জায়গা তৈরি করা। অথচ বর্তমানে সেই গণতান্ত্রিক কাঠামো চারদিক থেকে আক্রমণের মুখে পড়েছে।”
তাঁর এই মন্তব্যের জবাবে বিজেপি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের তরফে তাঁর উদ্দেশে বলা হয়েছে ‘প্রচারসর্বস্ব নেতা’। আর অভিযোগ করা হয়েছে যে বিদেশে গিয়েই রাহুল নিয়মিত ভারতের গণতন্ত্রকে আঘাত করেন।
সভায় রাহুল আরও বলেন, ১৪০ কোটির ভারত কখনওই চিনের মতো একমুখী বা অগণতান্ত্রিক দেশে পরিণত হতে পারে না। “চিন যেমন দমননীতি বা কর্তৃত্ববাদী শাসন চালায়, তা ভারতীয় সমাজের বহুত্ববাদী কাঠামো কোনও দিনই মেনে নেবে না,” মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কর্মসংস্থান নিয়েও মোদী সরকারের সমালোচনা করেন তিনি। রাহুলের অভিযোগ, অর্থনৈতিক বৃদ্ধি সত্ত্বেও দেশে নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে না, কারণ ভারত উৎপাদন নয়, পরিষেবা নির্ভর অর্থনীতির মধ্যে আটকে আছে।
এটাই প্রথম নয়। ২০২৩ সালে ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েও তিনি মোদী সরকারের আমলে গণতন্ত্রের সংকটের অভিযোগ তুলেছিলেন। পরে আমেরিকা সফরেও একই সুর শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলকে আক্রমণ করে বলেছিলেন, বিদেশের মাটি থেকে তিনি দেশকে অপমান করছেন। পাল্টা রাহুল প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী কেন বিদেশে গিয়ে দাবি করেছিলেন যে ৭০ বছরে ভারতে কিছুই হয়নি।
এ বারের দক্ষিণ আমেরিকা সফরে কলম্বিয়ার পাশাপাশি ব্রাজিল-সহ একাধিক দেশে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন রাহুল। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিরোধী দলনেতা হিসেবে তিনি দেশের জনমতের বড় অংশের প্রতিনিধি। তাই তাঁর এই সফর কেবল রাজনৈতিক বার্তাই নয়, বিশ্বমঞ্চে ভারতের বহুমাত্রিক উপস্থিতি বোঝানোরও প্রচেষ্টা।