রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মী রাজেশ কুন্তে অভিযোগ করেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় সোনালে গ্রামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছিলেন, মহাত্মা গান্ধী হত্যার পিছনে সঙ্ঘের হাত ছিল। কুন্তের দাবি, এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর ফলে সঙ্ঘের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

রাহুল গান্ধী। ফাইল ছবি।
শেষ আপডেট: 21 February 2026 14:01
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার ২০১৪ সালের একটি মানহানির মামলায় নতুন জামিনদার পেশ করতে ভিওয়ান্ডি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। মামলাটি দায়ের করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক কর্মী। নতুন জামিনদার হিসেবে তিনি দলের মহারাষ্ট্র প্রদেশ সভাপতি হর্ষবর্ধন সাপকালের নাম উপস্থাপন করেন। ঠানে জেলার ভিওয়ান্ডিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের কালো পতাকা বিক্ষোভের মুখে পড়েন রাহুল। পরে সাপকালের পাশাপাশি দলের শীর্ষ নেতাদের নিয়ে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছন।
লোকসভার বিরোধী দলনেতাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে হয়, কারণ তাঁর আগের জামিনদার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল চক্রুকর, গত বছরের ডিসেম্বর মাসে প্রয়াত হন। নতুন জামিন বন্ডে স্বাক্ষর-সহ আইনি প্রক্রিয়া প্রায় আধঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়। সাপকালের নাম আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন জামিনদার হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুলের আইনজীবী নারায়ণ আইয়ার জানান, প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভারতের বিচারব্যবস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁরা নিশ্চিত যে ন্যায়বিচার মিলবে। ভবিষ্যতের শুনানিতে রাহুল ব্যক্তিগত হাজিরা থেকে স্থায়ী অব্যাহতি পেয়েছেন। উপযুক্ত সময়ে ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষীদের হাজির করা হবে।তিনি আরও জানান, জামিন সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় তদন্তকারী আধিকারিকের জেরা আবার শুরু হবে। তবে সেদিন রাহুলের কোনও জেরা নির্ধারিত ছিল না।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মী রাজেশ কুন্তে অভিযোগ করেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় সোনালে গ্রামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছিলেন, মহাত্মা গান্ধী হত্যার পিছনে সঙ্ঘের হাত ছিল। কুন্তের দাবি, এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর ফলে সঙ্ঘের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ধারায় তিনি মানহানির অভিযোগ দায়ের করেন। বিচারপর্বে কুন্তের জেরা ও পুনরায় জেরা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।