রাবড়ি দেবী বিহারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯৭ সালে ‘পশুখাদ্য কেলেঙ্কারি’ মামলায় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 November 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: বিহারের রাজনীতিতে (Bihar Politics) নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধান পরিষদের বিরোধী দলনেতা রাবড়ি দেবীর (Rabri Debi) জন্য এবার নতুন সরকারি বাসভবন বরাদ্দ করা হয়েছে। গত দু'দশক ধরে তিনি ১০ সার্কুলার রোডের যে বাড়িতে থাকছিলেন, তার পরিবর্তে এবার তাঁকে দেওয়া হচ্ছে পাটনার (Patna) হার্ডিং রোডের ৩৯ নম্বর বাড়ি। মঙ্গলবার বিহার বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে।
এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আরজেডি (RJD) নেতা শক্তি সিং যাদব বলেছেন, “কোন নিয়ম বা বিধির আওতায় রাবড়ি দেবীর বাসভবন বদলানো হল, তা আমাদের কাছে অজানা। মনে হচ্ছে, বিজেপির প্রভাব বেড়ে গেছে, আর যারা ক্ষমতার খাঁজ ধরে আছেন, তাঁরা এখন নামমাত্র। অথচ যাঁদের হাতে দফতরের দায়িত্ব, তাঁরা বেশি অভিজ্ঞ বলে গণ্য হন। তবুও এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই অবাক করছে।”
বিরোধীদের আগেও অভিযোগ ছিল, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও সিদ্ধান্ত নেয় বিজেপিই (BJP)। তাদের থেকে প্রভাবিত হয়েই কাজ করছেন জেডিইউ প্রধান তথা মুখ্যমন্ত্রী। বাড়ি ছাড়ার নোটিস আসতেই সেই অভিযোগ আরও একবার তোলেন বিরোধীরা।
রাবড়ি দেবী বিহারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন (Bihar Ex CM Rabri Devi)। ১৯৯৭ সালে ‘পশুখাদ্য কেলেঙ্কারি’ মামলায় লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়। সেই সময়ই রাবড়ি দেবী প্রথমবার মুখ্যমন্ত্রী হন এবং ২০০৫ পর্যন্ত বিভিন্ন মেয়াদে দায়িত্ব সামলান। বর্তমানে তিনি ২০১৮ সাল থেকে বিধান পরিষদের বিরোধী দলনেতার দায়িত্বে আছেন।
চলতি মাসেই শেষ হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election)। ২৪৩ আসনের মধ্যে ২০২টি দখল করে এনডিএ জোট (NDA) ঐতিহাসিক জয় পেয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার তারা ২০০-এর গণ্ডি ছাড়াল। এনডিএ-র মধ্যে বিজেপি ৮৯, জেডিইউ ৮৫ এবং বাকি আসন অন্যান্য জোটসঙ্গীরা পেয়েছে।
অন্যদিকে, বিরোধী শিবিরের ফল খুবই হতাশাজনক। আরজেডি (RJD) পেয়েছে ২৫টি আসন, কংগ্রেস (Congress) ছ'টি। উল্লেখ্য, এ বছর ভোটদানে নতুন রেকর্ড তৈরি হয়েছে, বিহারে ৬৭.১৩ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ। নারী ভোটারদের (Women Voter) উপস্থিতিও নজরকাড়া, ৭১.৬ শতাংশ মহিলা এবারে ভোট দিয়েছেন, যা পুরুষদের তুলনায় অনেক বেশি।
সব মিলিয়ে, রাবড়ি দেবীর নতুন বাসভবন বরাদ্দকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ফের চড়েছে বিহারে। বিরোধীরা প্রশ্ন তুললেও এই সিদ্ধান্ত নিয়ম মেনে করা হয়েছে বলেই দাবি করছে সরকার।