২০২২ সালে 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme) শুরু হওয়ার আগে সেনার নিয়োগ হত পুরনো নিয়মে। কিন্তু নতুন প্রকল্প চালু হওয়ার পর প্রথম বছরে ত্রিবাহিনীর জন্য মোট ৪৬ হাজার অগ্নিবীরের শূন্যপদ ঘোষণা হয়েছিল

অগ্নিবীর নিয়োগ
শেষ আপডেট: 26 November 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ১.৮ লাখ সেনার ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি দ্রুত পূরণ করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সেনাবাহিনী (Indian Army)। শোনা যাচ্ছে, এখন থেকে বছরে ১ লক্ষেরও বেশি অগ্নিবীর নিয়োগ (Agniveer Recruitment) করার পরিকল্পনা করছে তারা। এতদিন যেখানে বছরে ৪৫ থেকে ৫০ হাজার অগ্নিবীর (Agniveer) নেওয়া হতো, এবার সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি করা হতে পারে।
করোনাকালে দু'বছর নিয়োগ বন্ধ, ততদিনে বছরে ৬০-৬৫ হাজার করে অবসর
২০২০ ও ২০২১- এই দু'বছর করোনা অতিমারির (Covid) কারণে সেনাবাহিনীতে নতুন করে সেনা নিয়োগ সম্পূর্ণ বন্ধ ছিল। কিন্তু একই সময়ে প্রতি বছর ৬০-৬৫ হাজার করে সেনা অবসর নিয়েছেন। এর ফলে সেনায় ঘাটতি বাড়তে থাকে।
২০২২ সালে 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme) শুরু হওয়ার আগে সেনার নিয়োগ হত পুরনো নিয়মে। কিন্তু নতুন প্রকল্প চালু হওয়ার পর প্রথম বছরে ত্রিবাহিনীতে মোট ৪৬ হাজার অগ্নিবীরের শূন্যপদ ঘোষণা হয়েছিল, যার মধ্যে ৪০ হাজার পদ ছিল সেনাবাহিনীর জন্য। প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্প হল ভারতের সশস্ত্র বাহিনীতে তরুণদের জন্য একটি নতুন নিয়োগ নীতি, যার অধীনে নির্বাচিত প্রার্থীদের 'অগ্নিবীর' বলা হবে এবং চার বছরের জন্য চুক্তির ভিত্তিতে তাঁদের নিয়োগ হবে।
শুরু থেকেই পরিকল্পনা ছিল ধাপে ধাপে নিয়োগ বাড়ানোর
অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) চালুর সময়ই পরিকল্পনা ছিল, পরবর্তী চার বছরে ধীরে ধীরে নিয়োগ বাড়িয়ে সেনাবাহিনীতে মোট ১.৭৫ লক্ষ অগ্নিবীর নিয়োগ (Agniveer Recruitment) করা হবে। নৌবাহিনী ও বায়ুসেনাতেও সময়ের সঙ্গে সঙ্গে পদ বাড়ানোর কথা ছিল। কিন্তু সমস্যা হয়, অগ্নিপথ শুরু হলেও সেনাদের অবসর একই হারে চলতে থাকে। ফলে প্রতি বছর প্রায় ২০-২৫ হাজার অতিরিক্ত ঘাটতি যোগ হতে থাকে। আজ সেই ঘাটতি দাঁড়িয়েছে ১.৮ লক্ষে।
২০২৬ থেকে বাড়বে চাপ, প্রথম ব্যাচের অগ্নিবীরও অবসর নেবে
২০২৬ সালের শেষে অগ্নিপথের (Agniveer) প্রথম ব্যাচ তাদের চার বছরের মেয়াদ পূর্ণ করবে। তখন থেকে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক অগ্নিবীরও অবসর নেবে। ফলে ঘাটতি আরও বাড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতেই সেনাবাহিনী এবার বড় সিদ্ধান্ত নিতে চাইছে, আগামীতে প্রতি বছর প্রায় ১ লক্ষ অগ্নিবীর নিয়োগ করা হবে। এতে নিয়মিত অবসর ও অগ্নিবীরদের পর্যায়ক্রমিক প্রস্থান (অগ্নিবীরদের চার বছর মেয়াদ শেষ হলে তারা একেক বছর একেক দল অবসর নেবে)- দু’দিকের ঘাটতিই পূরণ করা সম্ভব হবে।
প্রশিক্ষণ ব্যবস্থার মান বজায় রেখেই নিয়োগ
সেনার সূত্র জানাচ্ছে, বাড়তি পদ ঘোষণা করা হলেও প্রশিক্ষণের মান যাতে কমে না যায়, সে ব্যাপারে কঠোর নজর রাখা হবে। বিভিন্ন রেজিমেন্টাল সেন্টারের সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে নিয়োগ বাড়ানো হবে। সেনাবাহিনীর বক্তব্য, বর্তমান ঘাটতি দূর করতে যত অগ্নিবীর প্রয়োজন, ততগুলি পদেই নিয়োগ হবে।