সেই বিশৃঙ্খলার মধ্যেই গুরুতর আহত জরমল সিংকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 4 January 2026 20:48
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির (Aam Admi Party) পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন (Murder) করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল অমৃতসরে (Amritsar)। রবিবার রাতে শহরের মেরিগোল্ড রিসর্ট নামে একটি বিয়েবাড়িতে আত্মীয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জরমল সিং। সেখানেই আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। মাথায় গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীনই কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিয়েবাড়ির (AAP Leader) ভিতরে ঢুকে সরাসরি জরমল সিংকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত দু’টি গুলি ছোড়া হয়। একটি গুলি তাঁর মাথায় লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
গুলি চলতেই বিয়েবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিথিরা প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে থাকেন। সেই বিশৃঙ্খলার মধ্যেই গুরুতর আহত জরমল সিংকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
অমৃতসরের ডেপুটি কমিশনার অফ পুলিশ জগজিৎ ওয়ালিয়া জানান, “ঘটনাস্থল খতিয়ে দেখা হচ্ছে। সব দিক থেকে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলাকারীরা পরিকল্পনা করেই তাঁকে খুন করতে এসেছিল এবং গুলি চালায়।”
পুলিশ ইতিমধ্যেই বিয়েবাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এই হত্যাকাণ্ডে পাঞ্জাবের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্য অনুষ্ঠানে ঢুকে এ ভাবে শাসক দলের জনপ্রতিনিধিকে খুনের ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।