ভিডিও পোস্ট করে নিজের পদ্ধতির নামও দিয়েছেন , 'ইউরিন আই ওয়াশ' (Urine Eye Wash- Nature’s Own Medicine)'। নুপুর নিজেকে 'মেডিসিন ফ্রি লাইফ কোচ' (Medicine Free Life Coach) হিসেবেও তকমা দিয়েছেন। তাঁর মতে, প্রস্রাব প্রাকৃতিক ও নিরাময়কারী উপাদান, বিশেষ করে সকালের প্রস্রাব চোখ ধোওয়ার জন্য নাকি সবচেয়ে উপযোগী।

পুনের মহিলার বিতর্কিত ভিডিও
শেষ আপডেট: 26 June 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: 'ইউরিন অ্যাজ আই ওয়াশ'! শুনে খটকা লাগলেও এই টোটকা ব্যবহার করছেন পুনের এক মহিলা। নিজের মূত্র দিয়েই চোখ ধুয়ে নেন তিনি, এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে জড়ালেন নুপুর পিটি। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে ওই মহিলার দাবি, এই 'প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি' তাঁর চোখের শুষ্কতা, লালভাব ও জ্বালা কমাতে সাহায্য করে!
ভিডিও পোস্ট করে নিজের পদ্ধতির নামও দিয়েছেন , 'ইউরিন আই ওয়াশ' (Urine Eye Wash- Nature’s Own Medicine)'। নুপুর নিজেকে 'মেডিসিন ফ্রি লাইফ কোচ' (Medicine Free Life Coach) হিসেবেও তকমা দিয়েছেন। তাঁর মতে, প্রস্রাব প্রাকৃতিক ও নিরাময়কারী উপাদান, বিশেষ করে সকালের প্রস্রাব চোখ ধোওয়ার জন্য নাকি সবচেয়ে উপযোগী।
মঙ্গলবার এই ভিডিওটি ইনস্টাগ্রামে (Instagram) আপলোড হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১.৫ লক্ষেরও বেশি ভিউ হয়। সঙ্গে আসতে থাকে তীব্র নিন্দা, ঘৃণা আর বিস্ময়ে ভরা কমেন্ট। একাধিকজন প্রশ্ন তোলেন, এ কীভাবে সম্ভব? কেউ বলেন, 'আপনার মানসিক সমস্যা আছে, মনোবিদের সাহায্য নেওয়া উচিত।'
Please don't put your urine inside your eyes. Urine is not sterile.
Boomer aunties trying to be cool on Instagram is depressing...and terrifying.
Source: https://t.co/SQ5cmpSOfY pic.twitter.com/qgryL9YHfI— TheLiverDoc (@theliverdr) June 25, 2025
ভিডিওটি শেয়ার করেন প্রখ্যাত হেপাটোলজিস্ট সিরিয়াক অ্যাবি ফিলিপস (Dr. Cyriac Abby Philips), যিনি 'TheLiverDoc' নামেও পরিচিত। তিনি এক কথায় লেখেন, 'নিজের মূত্র কখনওই চোখে দেবেন না। এটা জীবাণুমুক্ত (Sterile) নয়। ভয়াবহ পরিণতি হতে পারে।'
তিনি আরও লেখেন, 'এই বিষয়টি অত্যন্ত হতাশাজনক। যাঁরা মনে করছেন এটি আয়ুর্বেদ বা প্রাকৃতিক চিকিৎসা- তাঁদের সাবধান হওয়া উচিত।' একইসঙ্গে তিনি নুপুরের ইনস্টাগ্রামে ওই ভিডিওতে মন্তব্য করেন, 'আপনার সাহায্য দরকার। এটা স্বাভাবিক নয়। যদি সোশ্যাল মিডিয়ার ভিউ আর ফলোয়ার বাড়ানোর জন্য এমনটা করে থাকেন, তাহলে এটা পথ নয়। নিজেকে সামলান।'
চিকিৎসকরা বলছেন, মূত্র (Urine) আসলে শরীরের বর্জ্য পদার্থ। এর ৯৫ শতাংশ জল হলেও বাকি অংশে থাকে ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, লবণ, হরমোন, টক্সিন, এমনকী ওষুধের অবশিষ্ট। চোখের মিউকাস ঝিল্লি খুব সংবেদনশীল। সেখানে এই ধরনের বর্জ্য পদার্থ দেওয়া হলে ইনফেকশন, অ্যালার্জি বা বড় ধরনের ক্ষতি হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের মতে, এমন প্রবণতা উদ্বেগজনক এবং তা প্রচারের সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে।