মহারাষ্ট্রের গডচিরোলিতে রাস্তা ও প্রসব পরিষেবার অভাবে জঙ্গলের পথ ধরে ৬ কিমি হাঁটার পর মৃত্যু ২৪ বছরের গর্ভবতী মহিলার। প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 January 2026 11:44
দ্য ওয়াল ব্যুরো: ফের এক মর্মান্তিক দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রে। প্রশাসনের উন্নয়নের দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে মহারাষ্ট্রের (Maharashtra) গডচিরোলি জেলায় প্রাণ হারালেন ২৪ বছর বয়সি এক গর্ভবতী মহিলা (Pregnant Woman)। মৃত মহিলার নাম আশা সন্তোষ কিরাঙ্গা, যিনি এটপল্লী তালুকার আলদান্দি টোলা গ্রামের বাসিন্দা ছিলেন।
আশার গ্রাম আলদান্দি টোলা মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন। সেখানে প্রসবের কোনও চিকিৎসা ব্যবস্থা নেই। সঠিক সময়ে চিকিৎসার আশায় গত ১ জানুয়ারি ৯ মাসের অন্তঃসত্ত্বা আশা তাঁর স্বামীর সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেই গ্রামে পৌঁছাতে তাঁদের প্রায় ৬ কিলোমিটার জঙ্গলের রাস্তা পায়ে হাঁটতে হয়। চিকিৎসকদের মতে, গর্ভাবস্থার শেষ পর্যায়ে এই দীর্ঘ পথ হাঁটার ধকল তাঁর শরীর নিতে পারেনি।
২ জানুয়ারি সকালে আশার প্রসব যন্ত্রণা বাড়লে তাঁকে দ্রুত হেদরির কালি আম্মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার (সিজারিয়ান) করার সিদ্ধান্ত নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গর্ভেই মৃত্যু হয় তাঁর সন্তানের। এরপর উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে মৃত্যু হয় আশারও।
গডচিরোলি জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রতাপ শিন্ডে জানিয়েছেন, আশা একজন নিবন্ধিত গর্ভবতী ছিলেন এবং আশাকর্মীরা তাঁর নিয়মিত খোঁজ রাখতেন। তিনি মনে করেন, হঠাৎ শুরু হওয়া প্রসব যন্ত্রণা এবং অন্যান্য শারীরিক জটিলতা মূলত ওই দীর্ঘ পথ হাঁটার কারণেই তৈরি হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁদের বাঁচাতে পারেননি। এই ঘটনায় স্বাস্থ্য আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।