তেলেঙ্গানার মুলুগু জেলার এক প্রত্যন্ত গ্রামে দুর্যোগের মধ্যেও অসাধারণ মানবিকতার ছবি ধরা পড়ল। টানা বৃষ্টির ফলে নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালের রাস্তা বন্ধ হয়ে যায়।

অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়েই নিয়ে যেতে হল হাসপাতালে
শেষ আপডেট: 25 July 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: একটানা বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর! রাস্তাঘাটে জল জমে গিয়ে ব্যহত যান চলাচল। গ্রামের দিকের পরিস্থিতি আরও খারাপ। তারই একটি ছবি উঠে এল তেলেঙ্গানার এক প্রত্যন্ত গ্রাম থেকে। অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে করেই হাসপাতালে পৌঁছে দিলেন গ্রামবাসীরা (Pregnant woman carried on shoulders to hospital)।
তেলেঙ্গানার মুলুগু জেলার এক প্রত্যন্ত গ্রামে দুর্যোগের মধ্যেও অসাধারণ মানবিকতার ছবি ধরা পড়ল। টানা বৃষ্টির ফলে নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালের রাস্তা বন্ধ হয়ে যায় (flood cuts road access)। কিন্তু সময় নষ্ট না করে এক অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে তুলে জল পেরিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন তাঁর পরিবার ও গ্রামের কয়েকজন মানুষ।
ঘটনাটি ঘটেছে বুধবার, ওইদিন বিকেলে প্রসব যন্ত্রণা শুরু হয় গ্রামের এক মহিলার। এদিকে প্রবল বৃষ্টির কারণে জঙ্গল ঘেরা এলাকার একটি ছোট নদী ফুলে উঠেছে। নদীর জল উপচে পড়ে পাকা রাস্তা ছাপিয়ে কাঁচা রাস্তাও ডুবে গিয়েছে। ফলে পাশের বোল্লেপল্লি গ্রাম হয়ে হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা পুরোপুরি অচল হয়ে পড়ে।
এই অবস্থায় অন্য কোনও পথ না থাকায়, মহিলার স্বামী ও গ্রামের কয়েকজন যুবক কোমর-সমান জলে নেমেই তাঁকে কাঁধে তোলেন। প্রাণ হাতে করে তাঁরা নদী পেরিয়ে পৌঁছে যান বোল্লেপল্লির কাছাকাছি পাকা রাস্তায়। সেখান থেকে এক অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুলুগুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মহিলা ও তাঁর সন্তান দুজনেই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
গত মে মাসে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমের গ্রামে। এক আদিবাসী পরিবার অন্তঃসত্ত্বা মহিলাকে কাপড় ও বাঁশ দিয়ে একটি অস্থায়ী খাটিয়া তৈরি করে। তারপর সেটি কাঁধে তুলে কয়েক কিলোমিটার পথ হেঁটে হাসপাতালে নিয়ে যায়। তবে প্রসবযন্ত্রণা এতটাই বেড়ে যায়, মহিলার প্রসব করাতে হয়। পরে অ্যাম্বুল্যান্স আসলে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।