বাংলায় SIR শুরুর মুখে জানা যাচ্ছে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। বাংলার তালিকায় নাম রয়েছে ১২১ কালীঘাট রোড এই ঠিকানায়।

প্রশান্ত কিশোর
শেষ আপডেট: 28 October 2025 09:20
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বিহারে এই কাজ আগেই হয়েছে। পড়শি ওই রাজ্যে আগামী ৬ ও ৯ নভেম্বর দু দফায় বিধানসভার নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হবে।
বিহারের এবারের নির্বাচনে অনেকগুলি চমকের একটি হলো ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির উপস্থিতি। ২৪৩ আসনে লড়াই করছে প্রশান্তের পার্টি। যদিও তিনি নিজে এই নির্বাচনে প্রার্থী নন, স্রেফ ভোটার।
বাংলায় SIR শুরুর মুখে জানা যাচ্ছে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। বাংলার তালিকায় নাম রয়েছে ১২১ কালীঘাট রোড এই ঠিকানায়। এটি তৃণমূল কংগ্রেসের একটি দফতর। তাঁর বুথ হল রানি শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল।
অন্যদিকে বিহারের সাসারামেও ভোটার তালিকায় নাম রয়েছে এই ভোট কুশলী তথা জন সুরাজ পার্টির প্রধানের। সাসারামের কৌনার এলাকার মধ্য বিদ্যালয় বুথের তালিকায় নাম রয়েছে তাঁর।
এই ব্যাপারে সংবাদ মাধ্যম প্রসাদ কিশোরের প্রতিক্রিয়া জানতে চেয়ে যোগাযোগ করেও ব্যর্থ হয়। তিনি ফোন ধরেননি। মেসেজেরও জবাব দেননি। তাঁর দলের এক নেতা বলেন প্রশান্ত বিহারের আগে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন। তিনি সেখানকার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। কিন্তু আবেদন পত্রের পরিণতি কী হয়েছে সে বিষয়ে তারা অবগত নন। বিহারের মুখ্য নির্বাচনী অফিসার বিনোদ সিং গুজ্জ্বল এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী একজন ব্যক্তি একটি মাত্র বুথেই ভোট দিতে পারেন। ফলে একটি বেশি জায়গায় ভোটার তালিকায় তাঁর নাম থাকা বাঞ্ছনীয় নয়। কলকাতায় তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর জানিয়েছেন কিশোর একটা সময় কালীঘাট এলাকায় ভোটার ছিলেন। গত বছর লোকসভা নির্বাচনের আগে বিহারের সিপিআইয়ের এক নেতা এই বিষয়টি উত্থাপন করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। তখনই প্রশান্তের নাম বাংলার তালিকা থেকে কেটে দেওয়ার কথা। ফলে গোলযোগ কিছু হয়ে থাকলে তার দায় নির্বাচন কমিশনের।