গত মাসে ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন, “আগামী কয়েক সপ্তাহে মোদীর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি।”
.jpeg.webp)
ট্রাম্প ও মোদী
শেষ আপডেট: 23 October 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: আসিয়ান সম্মেলনে অংশ নিতে এ বার মালয়েশিয়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ভার্চুয়াল মাধ্যমেই যোগ দেবেন তিন দিনের এই সম্মেলনে। যা অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৮ অক্টোবর। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ কার্যত বাতিল হয়ে গেল বলে সরকারি সূত্রে জানা গেছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতের পক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) কুয়ালালামপুরে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নিজেই বৃহস্পতিবার ‘এক্স’-এ পোস্ট করে জানান, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উষ্ণ কথোপকথন হয়েছে। আসিয়ানের সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। ভার্চুয়াল মাধ্যমে আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।”
গত মাসে ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন, “আগামী কয়েক সপ্তাহে মোদীর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি।” সেই বার্তার পর থেকেই দুই নেতার বৈঠক নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু মোদীর ভার্চুয়াল অংশগ্রহণের সিদ্ধান্তে সেই সম্ভাবনা এখন কার্যত শেষ।
মোদী একবারই বাদ দিয়েছিলেন আসিয়ান সম্মেলন
২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত প্রতি বছর সরাসরি আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০২০ এবং ২০২১ সালে কোভিডের কারণে ভার্চুয়াল ভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কেবল ২০২২ সালে তিনি অংশ নেননি। তাই এ বার তাঁর অনুপস্থিতি কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছে।
ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অন্যতম ভিত্তি আসিয়ান সম্পর্ক। ফলে মোদীর ব্যক্তিগত উপস্থিতি না থাকা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। তাঁদের দাবি, ট্রাম্পের মুখোমুখি হতে চান না প্রধানমন্ত্রী।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “মোদী আসলে ট্রাম্পের সঙ্গে দেখা এড়িয়ে যাচ্ছেন। তাই তিনি যাচ্ছেন না। হয়তো তাঁর মনে পড়ছে পুরনো হিট গান, ‘বাঁচকে রে রহনা রে বাবা!’”
তিনি আরও লেখেন, “ট্রাম্পের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক জিনিস, কিন্তু যিনি দাবি করেছেন যে তিনিই ‘অপারেশন সিঁদুর’ থামিয়েছেন এবং ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে— এমন লোকের সঙ্গে প্রকাশ্যে দেখা করা মোদীর জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।”
মোদী শেষবার ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন এ বছরের ফেব্রুয়ারিতে, ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকে। তার পর থেকে দু’জনের আর কোনও আন্তর্জাতিক মঞ্চে সাক্ষাৎ হয়নি। ইজিপ্টের শার্ম এল শেখে গাজা শান্তি সম্মেলনে ট্রাম্প উপস্থিত ছিলেন, কিন্তু মোদী সেখানে যাননি।
সব মিলিয়ে, আসিয়ান সম্মেলনে মোদীর অনুপস্থিতি শুধু কূটনৈতিক ইঙ্গিতই নয়, বরং ট্রাম্প-মোদী সম্পর্কের বর্তমান রাজনৈতিক টানাপড়েনকেও স্পষ্ট করে তুলছে।