দীপাবলির রাতে ফোন গেল নয়াদিল্লিতে! ডোনাল্ড ট্রাম্প বললেন, “যুদ্ধ নয়, বাণিজ্য নিয়েই কথা হয়েছে মোদীর সঙ্গে।

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 22 October 2025 08:11
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য শুল্ক (ট্যারিফ) নিয়ে টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক তখনই বুধবার ভোর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপের মূল বিষয়বস্তু বাণিজ্য সংক্রান্ত আলোচনা হলেও, ট্রাম্পের দাবি, মোদীই নাকি এই বিষয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন।
ট্রুথ সোশ্যালে (Truth Social) নিজেই এই ফোনালাপের কথা জানিয়ে ট্রাম্প ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এ দিন হোয়াইট হাউসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দীপাবলি উদযাপনে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এফবিআই (FBI)-এর ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডও উপস্থিত ছিলেন। পঞ্চমুখী প্রদীপ জ্বালিয়ে ট্রাম্প দীপাবলির তাৎপর্য তুলে ধরে বলেন, “এই প্রদীপ অন্ধকারের উপরে আলোর, অজ্ঞানের উপরে জ্ঞানের এবং মন্দের উপরে ভালোর জয়ের প্রতীক।”
প্রদীপ প্রজ্জ্বলনের পরই ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন যে, তিনি মোদীকে ফোন করেছিলেন। ট্রাম্পের কথায়, "অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। তবে মোদী মূলত বাণিজ্য নিয়েই আগ্রহী। তাই এই সংক্রান্ত বিষয় নিয়েই কথা হয় আমাদের।" এই দিনেও ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে 'দারুণ বন্ধু' এবং 'মহান নেতা' বলে উল্লেখ করেন।
বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কার্যত থমকে আছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্প প্রশাসন ভারতের ওপর দুই দফায় ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছে। কিন্তু নয়াদিল্লি সেই সিদ্ধান্ত থেকে সরেনি।
আলোচনার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের কৃষি ও দুগ্ধ খাত। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এই দুটি খাত দেশের একটি বড় অংশের মানুষের জীবিকার উৎস। এই খাতে আমেরিকাকে প্রবেশাধিকার দেওয়া হলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা নিয়ে এখনও কোনও রফাসূত্র মেলেনি। যদিও সম্প্রতি মার্কিন সরকারের প্রতিনিধি ও শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে ভারতের প্রতিনিধিদল দ্রুত চুক্তি চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে।
ট্রাম্প ফোনালাপের সময় ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রসঙ্গও তোলেন। তিনি দাবি করেন, "পাকিস্তানের সঙ্গে ভারত যাতে আর যুদ্ধে জড়িয়ে না পড়ে সেই নিয়ে কথা বলেছি আমরা।" এমনকি তিনি নিজেই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেন, যা নয়াদিল্লি শুরু থেকেই উড়িয়ে দিয়ে আসছে। ভারতের বক্তব্য, দুই দেশের সেনাপ্রধানদের আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতি হয়, এখানে তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপ নেই।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন যে মোদী তাঁকে ফোনে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস দিয়েছেন, যা নয়াদিল্লি স্পষ্ট ভাষায় অস্বীকার করে। এরপর ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে আরও বড় মূল্য চোকাতে হবে।