মণিপুরে হিন্দুপ্রধান মেইতেই ও উপজাতি প্রধান কুকি জো সম্প্রদায়ের হাঙ্গামায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
শেষ আপডেট: 12 September 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে জাতিগত হিংসার পর আগামিকাল, শনিবার (১৩ সেপ্টেম্বর) উত্তর-পূর্বের পার্বত্য রাজ্য মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে হিন্দুপ্রধান মেইতেই ও উপজাতি প্রধান কুকি জো সম্প্রদায়ের হাঙ্গামায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও দীর্ঘকাল ধরে সেখানে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধর্ষণ-গণধর্ষণের ঘটনাও ঘটে। গত ২ বছর ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধী দল মোদীকে মণিপুর পরিদর্শনের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু, সেকথা কানে তোলেননি প্রধানমন্ত্রী। এবার সেখানে মণিপুরের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসে যাচ্ছেন মোদী।
মণিপুর সফরের সঙ্গেই মোদী উত্তর-পূর্বের মিজোরাম, অসম হয়ে পশ্চিমবঙ্গ ও ভোটমুখী বিহারেও যাবেন। মণিপুরে প্রধানমন্ত্রী প্রায় ৭,৩০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূল অনুষ্ঠানটি হবে দুপুর সাড়ে ১২টা নাগাদ চূড়াচাঁদপুরে। এরপর দুপুর আড়াইটে নাগাদ রাজধানী ইম্ফলে এসে তিনি ১,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দুজায়গাতেই জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মণিপুরের মুখ্যসচিব পুনীতকুমার গোয়েল শুক্রবার প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি জানিয়ে দেন। সাংবাদিকদের গোয়েল বলেন, রাজ্যে শান্তি ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য পার্বত্য মণিপুর ও উপত্যকা এলাকার মানুষের প্রশংসা করি আমরা। প্রধানমন্ত্রীর এই সফরে রাজ্যে শান্তির পথ প্রশস্ত হবে। চূড়াচাঁদপুরে পৌঁছে মোদী প্রথমে ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন।
পরে কাঙ্গলা এলাকাতেও ঘরছাড়াদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার সুলুক সন্ধান করবেন। উল্লেখ্য, চূড়াচাঁদপুর হল কুকি অধ্যুষিত এলাকা এবং ইম্ফল হল মেইতেই প্রধান রাজধানী শহর। মোদীর রাজ্য সফর উপলক্ষে সেজে উঠেছে মণিপুর। বেশ কিছু রাস্তা ঝাঁ চকচকে করে তোলা হয়েছে রাতারাতি। রাজ্যের সীমান্তবর্তী সড়কপথে চলছে জোর তল্লাশি।