সিডনির বন্ডি বিচে হানুক্কা উদ্যাপনের সময় জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতি ফের একবার স্পষ্ট করে দিলেন।

নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
শেষ আপডেট: 14 December 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: সিডনির (Sydney) বন্ডি বিচে (Bondi Beach) ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কার (Hanukkah) প্রথম দিনের উদ্যাপন চলাকালীন এই হামলায় দুই বন্দুকবাজ গুলি চালায়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন।
রবিবার এক্সে (X) বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বন্ডি বিচে হানুক্কার প্রথম দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া নিরীহ মানুষের উপর চালানো এই ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই।” একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এবং এই কঠিন সময়ে অস্ট্রেলিয়ার মানুষের পাশে থাকার বার্তা দেন।
প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের (India) নীতি ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance)। তাঁর কথায়, “ভারতের মানুষের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকের সময়ে আমরা অস্ট্রেলিয়ার মানুষের পাশে আছি। সন্ত্রাসবাদের সব রকম রূপ ও প্রকাশের বিরুদ্ধে লড়াইয়ে ভারত অটল।”
এই হামলার নিন্দায় সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)-ও। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হানুক্কা উদ্যাপনে চালানো জঙ্গি হামলার তীব্রতম ভাষায় নিন্দা করছি। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা।”
হানুক্কার মতো ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের রক্তক্ষয়ী হামলা আন্তর্জাতিক স্তরে নতুন করে সন্ত্রাসবাদের ভয়াবহ চেহারা তুলে ধরল। আর ভারতের তরফে স্পষ্ট বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনও আপস নয়।