এশিয়া কাপ ফাইনালে আবার পাক বধ করেছে ভারত। আর এই জয়ের পরই পড়শি দেশকে 'অপারেশন সিঁদুর' খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 September 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: টুর্নামেন্টে (Asia Cup 2025) ইতিমধ্যে পাকিস্তানকে (Pakistan) দু'বার হারিয়েছিল ভারত (India)। ফাইনালেও যে তাঁদের হারাবে, এই আশাই ছিল ভারতীয়দের। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে একটু নড়বড়ে হলেও আখেরে জয় পেয়েছে নীল জার্সিধারীরাই। এশিয়া কাপ ফাইনালে আবার পাক বধ করেছে ভারত। আর এই জয়ের পরই পড়শি দেশকে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
ভারত এশিয়া কাপ জেতার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, 'মাঠেও অপারেশন সিঁদুর। আর ফলাফল সেই একই। ভারত জিতেছে।' পহেলগাম হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অভিযান করেছিল। তাতে সে দেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। মারা যায় ১০০-র বেশি সন্ত্রাসবাদীও। এর পাশাপাশিও পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয় ভারত। আর এশিয়া কাপ জয়ের পর কার্যত এক বাক্যে সেই বিষয়টিই মনে করালেন প্রধানমন্ত্রী।
#OperationSindoor on the games field.
Outcome is the same - India wins!
Congrats to our cricketers.— Narendra Modi (@narendramodi) September 28, 2025
ফাইনালে (Asia Cup Final) ভারতের বিরুদ্ধে পাকিস্তানের (India vs Pakistan) শুরুটা দেখে মনে হয়েছিল ১৮০ রান অন্তত উঠবেই। কিন্তু পাক ব্যাটিংয়ের মিডল অর্ডারের রোগ আর সারেনি। ওপেনিং জুটিতে ৮৪ রান ওঠার পরও তাদের ইনিংস থেমে যায় ১৯.১ ওভারে ১৪৬ রানে। শেষ সাত উইকেটের পতন হল ৩২ রানে। ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন পাক ব্যাটাররা। কুলদীপ নেন চার উইকেট। অক্ষর আর বরুণ নেন দুটি করে উইকেট। আর শেষ দুটি উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস থামান বুমরাহ।
এদিকে জয়ের জন্য মাঠে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত খেলা অভিষেক শর্মা মাত্র ৫ রান করে ফাহিম আশরাফের বলে হ্যারিস রউফের হাতে ক্যাচ তুলে ফিরে যান। ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয় ১০ রানে। রান পাননি শুভমান গিলও। ফাহিমের বলে ১০ বলে ১২ রান করে ফেরেন তিনি। প্রথম দশ ওভারে ভারতের ওঠে তিন উইকেট হারিয়ে ৫৮ রান। সেই সময় থেকে অনেকেরই মনে হচ্ছিল যে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু শিবম দুবে এবং তিলক বর্মার ব্যাট তা হতে দেয়নি।
এদিকে ম্যাচ শেষের অনুষ্ঠানেও নাটক অব্যাহত থাকে। এশিয়া কাপের (Asia Cup 2025) আসল ট্রফি মঞ্চে তুলতে অস্বীকার করেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। কারণ? ‘বিশেষ’ একজনের উপস্থিতি! তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi)।
পূর্বঘোষিত নীতিতেই অনড় থাকেন ভারত অধিনায়ক। এশিয়া কাপের ‘বয়কটের সিরিজে’র উপসংহারটুকুও লেখা থাকল এভাবেই!