মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার একাংশ মেনে নিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। পণবন্দিদের মুক্তি দিতে প্রস্তুত তারা।

গাজার পরিস্থিতি নিয়ে হামাস আলোচনার টেবিলে যাওয়ার কথাও জানিয়েছে।
শেষ আপডেট: 4 October 2025 10:01
দ্য ওয়াল ব্যুরো: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার একাংশ মেনে নিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। পণবন্দিদের মুক্তি দিতে প্রস্তুত তারা। গাজায় শান্তি ফেরাতে ২০ দফা শান্তি প্রস্তাব পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। ইজরায়েল সেই প্রস্তাবে রাজি হলেও প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাস প্রথম থেকে নীরব ছিল। এতে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং হামাসকে সময় বেঁধে দেন। রবিবারের মধ্যে ওই প্রস্তাবে রাজি না হলে হামাসকে ‘নরক দর্শন’ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। এর পরেই হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ২০ দফা প্রস্তাবে তারা রাজি। বন্দিদের মুক্তি দেওয়া হবে। গাজার পরিস্থিতি নিয়ে তারা আলোচনার টেবিলে যাওয়ার কথাও জানিয়েছে।
এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী এ বিষয়ে লিখেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যেভাবে এগোচ্ছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি। পণবন্দিদের মুক্তি দেওয়ার ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তির পথে বড় উন্নতি। নয়াদিল্লির দীর্ঘদিনের অবস্থান ফের একবার স্মরণ করিয়ে নরেন্দ্র মোদী এদিন বলেন, দীর্ঘমেয়াদি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবরকমের প্রচেষ্টাকে সমর্থন করবে ভারত। আরব দুনিয়ায় স্থিতিশীলতা এবং পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
We welcome President Trump’s leadership as peace efforts in Gaza make decisive progress. Indications of the release of hostages mark a significant step forward.
India will continue to strongly support all efforts towards a durable and just peace.@realDonaldTrump @POTUS
— Narendra Modi (@narendramodi) October 4, 2025
চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প মোদীর একটি পোস্ট শেয়ার করেছিলেন। মোদীর গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানানোর বিষয়টি তুলে ধরেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর পোস্টে কোনও বাড়তি মন্তব্যও যোগ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এটিকে কূটনৈতিক পদক্ষেপের চোখেই দেখছে দুনিয়া। দুই দেশের মধ্যে জটিল অথচ অন্যরকম একটি সম্পর্কের সমীকরণ মিলছে এই ঘটনাপ্রবাহ থেকে। কেবলমাত্র নরেন্দ্র মোদীই নন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ।
হামাসের বিবৃতি আসার পর ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ২০ দফা পরিকল্পনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ফেরানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী। কীভাবে দ্রুত বন্দিদের গাজা থেকে বের করে আনা যায়, তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। হামাস কিছু শর্ত দিয়েছে। সেসব নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।