Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে রাহুলের সভায় মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য, ক্ষমা চাইতে বলল বিজেপি

কংগ্রেসের নেতা রশিদ আলভি জানিয়েছেন, দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না এবং এর নিন্দা করছে। কিন্তু বিজেপি বিষয়টিকে বড় করে সামনে এনেছে।

বিহারে রাহুলের সভায় মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য, ক্ষমা চাইতে বলল বিজেপি

মা হীরাবেনের সঙ্গে মোদী, ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 August 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: বিহারের ভোটের  (Bihar Election) আগে কংগ্রেসের ‘ভোটার অধিকারের যাত্রা’-কে (Voter Aadhikar Yatra) ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই কর্মসূচির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও তাঁর প্রয়াত মা হীরাবেনকে (Heeraben Modi) নিয়ে অশালীন ভাষা ব্যবহার করেছেন কিছু কর্মী। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেস (Congress) ও মহাগঠবন্ধনকে একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি (BJP)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, দরভাঙায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও তেজস্বী যাদবের পোস্টার টাঙানো ছিল। তবে নেতাদের কেউই তখন মঞ্চে উপস্থিত ছিলেন না। সেই সময় কিছু কংগ্রেস কর্মী মাইকে প্রধানমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করেন। ভিড়ের মধ্যে থেকে নওসাদ নামে এক স্থানীয় কংগ্রেস নেতার নামও ওঠে। নওসাদ পরে দাবি করেন, তিনি রাহুল গান্ধীর সঙ্গে মুজাফফরপুরের সভার উদ্দেশে ১৫-২০ মিনিট আগেই বেরিয়ে গিয়েছিলেন। যদিও তিনি আয়োজক দলের প্রতিনিধি হিসেবে দায় স্বীকার করে বলেন, “আমরা নিজেরা এমন কিছু করব না। তবু যেহেতু আমাদের অনুষ্ঠান, আমি ক্ষমা চাইছি।”

তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের মুখপাত্র নীরজ কুমার রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ভাষা ব্যবহার একেবারেই সহ্য করা যায় না। রাহুল গান্ধীকে জাতির কাছে ক্ষমা চাইতেই হবে। বিহারের মানুষ তাঁকে ক্ষমা করবে না।” তিনি আরও বলেন, “এক দরিদ্র পরিবারের সন্তান, এক ওবিসি সম্প্রদায়ের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন— এটাই কংগ্রেস বরদাস্ত করতে পারছে না।”

অন্যদিকে, কংগ্রেসের নেতা রশিদ আলভি জানিয়েছেন, দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না এবং এর নিন্দা করছে। কিন্তু বিজেপি বিষয়টিকে বড় করে সামনে এনেছে।

বিজেপির প্রবীণ নেতা রবিশঙ্কর প্রসাদও কড়া ভাষায় কংগ্রেস ও আরজেডিকে আক্রমণ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের যাত্রার মঞ্চ থেকে যে ভাষা ব্যবহার হয়েছে, তা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রতি নয়, ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিও অবমাননা।” তিনি আরও দাবি করেন, “মোদীর মা তাঁকে দেশসেবার শিক্ষা দিয়েছিলেন। সেই মূল্যবোধ নিয়েই আজ তিনি দেশের অগ্রগতির জন্য কাজ করছেন। বিহারের মানুষ এই কুরুচিকর ভাষার জবাব ভোটে দেবেন।”

বুধবার রাহুল গান্ধী ও তেজস্বী যাদব যৌথভাবে দরভাঙা, মুজাফফরপুর ও সীতামারহিতে বিশাল জনসভা করেন। এই তিনটি জায়গাই এনডিএ-র শক্ত ঘাঁটি বলে পরিচিত। ফলে ভোটের আগে এই বিতর্ক আরও নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```