বেঙ্গালুরুর অট্টিবেল এলাকায় বিয়ের নিমন্ত্রণের অছিলায় বাড়িতে ঢুকে ১০ লক্ষ টাকার সোনা ও নগদ লুটের অভিযোগ। মহিলাকে বেঁধে রেখে চম্পট দেয় তিন দুষ্কৃতী, তদন্তে নেমেছে পুলিশ।

ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 7 November 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: 'বিয়ের নিমন্ত্রণ করতে এয়েছি, দরজাটা খুলুন।' বলেই ঘরে ঢুকে লুট চালাল দুষ্কৃতীরা। খোয়া গেল ১০ লাখের গয়না-সহ আরও একাধিক জিনিস। বেঙ্গালুরুর অট্টিবেলের নেরলূর এলাকার ঘটনা।
বুধবার দুপুর আড়াইটে নাগাদ তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এক দম্পতির বাড়িতে ঢোকে। সেসময় বাড়িতে মহিলা একা ছিলেন। তাঁর স্বামী বেসরকারি সংস্থায় কর্মরত, ছিলেন অফিসে।
অভিযুক্তরা বিয়ের আমন্ত্রণপত্র দেওয়ার অছিলায় বাড়িতে ঢোকে। অভিযোগ, প্রথমে দরজা খোলার জন্য মহিলাকে ভুলিয়ে বিশ্বাস অর্জন করে। বাড়ির গৃহবধূ নাগবেণী দরজা খুলে দিলে তারা ভিতরে ঢোকেন।
পুলিশের মতে, প্রতারণার কৌশল ছিল অভিনব। অভিযুক্তদের মধ্যে এক মহিলা ছিল, যে নিজেকে নাগবেণীর দূর সম্পর্কের আত্মীয়া বলে পরিচয় দেয় এবং জানায়, তারা বিয়ের নিমন্ত্রণ জানাতে এসেছে। এরপর আর এক মহিলা জল চায়। নাগবেণী রান্নাঘরে যেতেই এক ব্যক্তি তাঁর পিছু নেয়, হাত-পা বেঁধে ফেলে, ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং আলমারির চাবি ছিনিয়ে নেয়। তারপর সেখানে থাকা প্রায় ২০০ গ্রাম সোনা লুট করে। যাওয়ার আগে মহিলাকে ঘরের ভিতর তালাবদ্ধ করে পালিয়ে যায়।
নাগবেণী কিছুক্ষণ চেষ্টা করে পাশের ঘরে থাকা একটি মোবাইল ফোনে হাত পেয়ে প্রতিবেশীদের খবর দেন। তাঁরা এসে দরজা খুলে তাঁকে মুক্ত করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে এএসপি ভেঙ্কটেশ প্রসন্না, ডিএসপি মোহন কুমার এবং ইন্সপেক্টর মঞ্জুনাথ ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে ফরেনসিক টিম, ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়।
পাশের একটি স্কুলের গেটের সিসিটিভি ফুটেজে তিন সন্দেহভাজনের ছবি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।