দুর্ঘটনার একটি ১৭ সেকেন্ডের ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিমানটি এক আবাসিক এলাকায় ভেঙে পড়ছে। জানা যাচ্ছে আমদাবাদের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে বিমানের অংশ পড়ে।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 12 June 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: আকাশে ওড়ার ঠিক পরই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane Crash)। গুজরাতের আমদাবাদ থেকে লন্ডনগামী ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। সূত্রের খবর, দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগে উপস্থিত দুই পাইলট 'মে-ডে' বার্তা পাঠান, কিন্তু কোনও সাড়া মেলেনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর পক্ষ থেকে, এমনটাই জানিয়েছে DGCA (Directorate General of Civil Aviation)।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (Flight AI 171) বিমানটি দুপুর ১টা ৩৯ মিনিট নাগাদ আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে টেক-অফ করে। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এটি। উড়ানের পর মুহূর্তেই আগুন লেগে যায়। বিমানে উপস্থিত সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার একটি ১৭ সেকেন্ডের ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিমানটি এক আবাসিক এলাকায় ভেঙে পড়ছে। জানা যাচ্ছে আমদাবাদের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে বিমানের অংশ পড়ে। হস্টেলে ক্যান্টিন সেসময় খাচ্ছিলেন অনেকে। ২০ জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ ১২ জুন ২০২৫, ফ্লাইট AI171, আমদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে চলাকালীন একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। সমস্ত তথ্য দ্রুত ওয়েবসাইট ও অফিসিয়াল X হ্যান্ডেলে শেয়ার করা হবে।'
উল্লেখ্য, 'মে-ডে' একটি আন্তর্জাতিক জরুরি সংকেত যা বেতার বার্তার মাধ্যমে জানানো হয়, যখন বিমানে বিরাট কোনও বিপদ ঘটে। তখন মূলত এই সংকেত পাঠানো হয়। সূত্র বলছে, এক্ষেত্রেও পাঠানো হয়েছিল কিন্তু এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।
দুর্ঘটনার সময় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani) উপস্থিত ছিলেন বিমানে। যদিও এখনও সরকারিভাবে তাঁর উপস্থিতি নিশ্চিত করা হয়নি। চলছে জোর তল্লাশি।