জম্মুতে কাশ্মীর টাইমসের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল পিস্তলের গুলি, একে-৪৭ কার্তুজ ও গ্রেনেডের লিভার। নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের বিরুদ্ধে FIR দায়ের করেছে SIA।

কাশ্মীর টাইমস
শেষ আপডেট: 20 November 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে জনপ্রিয় সংবাদমাধ্যম কাশ্মীর টাইমস (Kashmir Times) অফিস থেকে উদ্ধার হল একে-৪৭ এর কার্তুজ, পিস্তল রাউন্ড ও গ্রেনেড লিভার। বৃহস্পতিবার সকালে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি তল্লাশি চালায়। তারপরই এই জিনিসপত্র উদ্ধার হয়। আপতত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ সূত্র জানাচ্ছে, নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি নাকি দেশের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানো, বিচ্ছিন্নতাবাদকে (secessionism) মহিমান্বিত করা এবং ভারতের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বভৌমত্ব (sovereignty) ও ভৌগোলিক অখণ্ডতাকে (territorial integrity) হুমকির মুখে ফেলার মতো কার্যকলাপ করেছেন।
SIA-র তদন্তের লক্ষ্য অনুরাধা ভাসিনের সেই সব সম্ভাব্য যোগাযোগ বা কর্মকাণ্ড খতিয়ে দেখা, যা দেশের সার্বভৌমত্বের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে মনে করছে সংস্থা। তদন্ত এখনও চলতে থাকায় পুলিশি কার্যক্রম আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত।
এই ঘটনার পর ওই সংবাদমাধ্যমের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত নিয়ে সংবাদমহলে আলোচনার ঝড় উঠলেও সংবাদপত্রটি এখনও পর্যন্ত চুপ।
কাশ্মীরের প্রাচীনতম সংবাদমাধ্যমগুলির অন্যতম কাশ্মীর টাইমস, যা ১৯৫৪ সালে বেদ ভাসিন প্রতিষ্ঠা করেন। প্রথমে এটি সাপ্তাহিক ছিল, পরে ১৯৬৪ সালে দৈনিক রূপে প্রকাশ হতে শুরু হয়। দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সম্পর্কিত খবরের ক্ষেত্রে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পুলিশি তল্লাশিতে অস্ত্র বা গোলাবারুদের উপাদান উদ্ধার হওয়ায় তদন্ত আরও গুরুত্ব পেয়েছে। যদিও এই উদ্ধার পাওয়া সামগ্রী সংবাদপত্রের দফতরে কীভাবে এল, তা নিয়ে এখনও কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, সব দিক খতিয়ে দেখা হবে। অনুরাধা ভাসিনের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য, তা জানতেই বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। SIA জানিয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থেই এই অভিযান চলবে এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ হবে।