কেরলের সুপারস্টার অভিনেতা মাম্মুট্টির (Mammootty) বিরুদ্ধে সিপিএমের (CPM) একাংশ ক্যাডার ও সমর্থক এবার এমনই নক্কারজনক সমালোচনায় নেমেছেন যে শেষমেশ জল ঢালতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayan)। বাংলার মতই সিপিএমের হাজার হাজার সমর্থক এখন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়।

শেষ আপডেট: 10 March 2026 15:44
দ্য ওয়াল ব্যুরো: কেরলের সুপারস্টার অভিনেতা মাম্মুট্টির (Mammootty) বিরুদ্ধে সিপিএমের (CPM) একাংশ ক্যাডার ও সমর্থক এবার এমনই নক্কারজনক সমালোচনায় নেমেছেন যে শেষমেশ জল ঢালতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayan)। বাংলার মতই সিপিএমের হাজার হাজার সমর্থক এখন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। ভোটের মুখে তাঁরা এই মালায়ালি সুপারস্টারকে আক্রমণ করছেন বলে অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা হওয়া উচিত ছিল না।
তিরুবনন্তপুরমে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয়ন বলেন,“খবর এসেছে সিপিএমের সাইবার কর্মীরা মাম্মুট্টিকে আক্রমণ করেছেন। তাঁরা কি চিনতে পারেননি যে তিনি আমাদের মালয়ালি মহান অভিনেতা? যদি এই প্রচারের কারণে তিনি কোনও অস্বস্তি বা কষ্ট পেয়ে থাকেন, আমি তাঁর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি।”
কী নিয়ে বিতর্ক
সম্প্রতি মাম্মুট্টি ওয়েনাড় মডেল টাউনশিপ পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে সিপিএমের ওয়েনাড় জেলা সম্পাদক কে রফিক তাঁর সঙ্গে ছিলেন। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়, মাম্মুট্টি রফিককে বলছেন তাঁর খুব কাছাকাছি না হাঁটতে। অভিনেতার বক্তব্য ছিল, এতে মনে হতে পারে যে তিনি রাজনৈতিক দলের আমন্ত্রণে এসেছেন।
মাম্মুট্টিকে বলতে শোনা যায়, “আমি তো নিজে থেকেই এখানে এসেছি, আপনার আমন্ত্রণে নয়। তাই আমার সঙ্গে এভাবে হাঁটবেন না।” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। বামেদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অভিনেতাকে সমালোচনা করা হয় এবং বলা হয় তিনি সিপিএম নেতাকে অপমান করেছেন।
পিনারাই বিজয়ন বলেন, মাম্মুট্টির প্রতিক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কারণ তাঁর ওই সফর ছিল ব্যক্তিগত এবং সে সম্পর্কে সরকার বা রাজনৈতিক দলকে আগে থেকে জানানো হয়নি।
তিনি বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর ছিল। তাই তিনি ওই রফিককে বলেছিলেন, তিনি নিজেই এসেছেন। কিন্তু ভিডিওটি ব্যবহার করে বিতর্ক তৈরি করা হয়েছে।”
ওয়েনাড়ের সিপিএম জেলা সম্পাদক কে. রফিকও পরে জানান, মাম্মুট্টি তাঁকে ফোন করে বলেছেন যে তাঁর মন্তব্য অপমান করার উদ্দেশ্যে ছিল না। রফিক ফেসবুকে লেখেন, এই বিতর্ককে বড় করে না দেখে সরকারের কাজের সাফল্যের দিকেই নজর দেওয়া উচিত।
ওয়েনাড় মডেল টাউনশিপ কী
ওয়েনাড়ে ২০২৪ সালের ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কেরল সরকার ওয়েনাড় মডেল টাউনশিপ প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পে মোট ৪১০টি বাড়ি তৈরি করা হচ্ছে। এর প্রথম পর্যায়ে ১৭৮টি বাড়ি তৈরি হয়েছে, যার মোট ব্যয় প্রায় ৩০০ কোটি টাকা। গত ১ মার্চ এই প্রকল্পের প্রথম পর্যায় উদ্বোধন করা হয়।
মাম্মুট্টির সেই সফরের ভিডিও ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক, যা শেষ পর্যন্ত রাজনৈতিক পর্যায়ে পৌঁছে যায়। এখন মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ক্ষমাপ্রার্থনার পর বিতর্ক কিছুটা থিতিয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।