
শেষ আপডেট: 20 March 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড কিনছে ওষুধের কোম্পানিগুলি? নির্বাচনী বন্ড (ইলেকটোলার বন্ড) সংক্রান্ত তথ্যে সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। জানা গেছে, নির্বাচনী বন্ডেও নাকি বিপুল অঙ্কের টাকা চাঁদা দিচ্ছে দেশের নামী দামি ফার্মা কোম্পানিগুলিও। ফলে দৈনন্দিন ব্যবহারের ওষুধের দামও চড়চড় করে বেড়ে চলেছে।
‘দ্য ওয়্যার’ তাদের প্রতিবেদনে দাবি কেরছে, নির্বাচনী বন্ড কেনার ব্যাপারে ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন (IDMA) ও ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালিয়ান্স (IPA)-এর পুরোদস্তুর সমর্থন রয়েছে। তাদের অধীনস্থ ফার্মা কোম্পানিগুলি নির্বাচনী বন্ডে অকাতরে টাকা ঢালছে বলে অভিযোগ। আর এই টাকা তো আর কোম্পানি তাদের পকেট থেকে দিচ্ছে না। ওষুধের দাম বাড়িয়েই টাকা তোলা হচ্ছে।
রিপোর্ট বলছে, হাই ব্লাড প্রেসারের ওষুধ টেলমার দাম বেড়েছে ১৮ থেকে ২০ শতাংশ। এই ওষুধ প্রায় প্রতি ঘরেই থাকে। টেলমা ওষুধটি তৈরি করে মুম্বইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। জানা যাচ্ছে, নির্বাচনী বন্ড কিনে গ্লেনমার্ক দিয়েছে ৯.৭৫ কোটি টাকা। আবার দৈনন্দিন ব্যবহারের সুগারের ওষুধ গ্যালভাসের দামও একধাক্কায় ২৫ শতাংশ বেড়ে গেছে। নোভারটিস ফার্মার তৈরি এই ওষুধের দামও বেড়ে চলেছে। জানা গেছে, নির্বাচনী বন্ডে এই সংস্থাও বিপুল বিনিয়োগ করেছে।
সূত্র বলছে, এসবিআই-এর রিপোর্ট থেকে জানা গেছে প্রায় ৮০০ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে ফার্মা কোম্পানিগুলি। আর নির্বাচনী বন্ড কিনতে ওষুধের দাম বাড়িয়ে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা মুনাফা তুলছে তারা। এসবিআইয়ের ডেটাবেস বলছে, ভারত বায়োটেক ১০ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। আইডিপিএ বা আইপিএ-র অধীন দেশের পাঁচটি শীর্ষস্থানীয় ফার্মা কোম্পানি কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছে।
নির্বাচনী বন্ড কিনে কেন্দ্রীয় সরকারকে খুশি করে ফার্মা কোম্পানিগুলি তাদের ওষুধের গুণগত মানের পরীক্ষায় পাশ করতে চাইবে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডি তাদের তদন্তে জানিয়েছে, দেশের নামী ওষুধের কোম্পানিগুলির নাম উঠে এসেছে তালিকায়। ডক্টর রেড্ডিস ল্যাব ৮০ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। ন্যাকটো ফার্মা লিমিটেড ৬৯ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। হেটেরোল্যাবস অ্যান্ড হেটেরো হেলথকেয়ার (৩৯ কোটি), টরেন্ট ফার্মা (৭৭.৫ কোটি), জাইডাস হেলথকেয়ার (২৯ কোটি), গ্লেনমার্ক (৯.৭৫ কোটি), সিপলা (৩৯.২ কোটি), আইপিসিএ ল্যাবরেটোরিজ লিমিটেড (১৩.৫) কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। প্যানাসিয়া বায়োটেক (১ কোটি), পিরামল ফার্মা (৩ কোটি), হেটেরো ফার্মা (৫ কোটি), মাইক্রো ল্যাব (১৬ কোটি)-এর মতো সংস্থার নামও রয়েছে।