আবেদনে বলা হয়েছিল, পেট্রল পাম্পগুলিতে থাকা শৌচাগারগুলি আসলে গ্রাহকদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি। কিন্তু রাজ্য সরকার এবং স্থানীয় পুরসভাগুলি ওই শৌচাগারগুলিকে ‘পাবলিক টয়লেট’ (Public Toilet) হিসেবে চিহ্নিত করছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 June 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: পেট্রল পাম্পে থাকা শৌচাগারগুলি (Petrol Pump Toilet) সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়, একটি মামলায় এমনটাই জানিয়েছে কেরল হাইকোর্ট (Kerala High Court)। একাধিক পেট্রল পাম্প মালিক এবং পেট্রোলিয়াম ব্যবসায়ীদের একটি সংগঠনের তরফে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি সি এস দিয়াস এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন।
আবেদনে বলা হয়েছিল, পেট্রল পাম্পগুলিতে থাকা শৌচাগারগুলি আসলে গ্রাহকদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি। কিন্তু রাজ্য সরকার এবং স্থানীয় পুরসভাগুলি ওই শৌচাগারগুলিকে ‘পাবলিক টয়লেট’ (Public Toilet) হিসেবে চিহ্নিত করছে। পাশাপাশি সেগুলি সকলের ব্যবহারের জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে। এতে পাম্প পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছিলেন আবেদনকারীরা।
বিচারপতি দিয়াস পাম্প মালিকদের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে জানান, "পেট্রল পাম্পে থাকা শৌচাগার সাধারণ মানুষের ব্যবহারযোগ্য নয়। সেগুলি নির্দিষ্টভাবে গ্রাহকদের জরুরি প্রয়োজনে রাখা হয়।" আদালত এই মর্মে রাজ্য সরকার ও তিরুবনন্তপুরম পুরসভাকে নির্দেশ দেয়, আপাতত পাম্পের শৌচাগারগুলি সাধারণ মানুষের জন্য ব্যবহারে জোর না দিতে।
আদালতের এই অন্তর্বর্তী নির্দেশ পেট্রল পাম্প (Petrol Pump Toilet) মালিকদের পক্ষে একটি বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই মামলার চূড়ান্ত শুনানি আগামী ১৭ জুলাই ধার্য করা হয়েছে। তবে কেরল হাইকোর্টের (Kerala High Court) এই রায় রাজ্যজুড়ে একটি নতুন বিতর্কের শুরু করেছে। রাস্তাঘাটে পর্যাপ্ত শৌচাগারের অভাব এবং বেসরকারি সংস্থাগুলোর উপর সরকারের নির্ভরতা নিয়ে নতুন করে আলোচনা প্রয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।