অভিষেক বরুণ এক বিমা সংস্থার পাটনা শাখার ম্যানেজার ছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে স্ত্রী ও সন্তানদের বাড়ি পাঠিয়ে বাইকে করে ফেরার কথা ছিল তাঁর।

নিখোঁজ যুবকের দেহ উদ্ধার
শেষ আপডেট: 15 July 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন পাটনার এক বিমা সংস্থার আধিকারিক অভিষেক বরুণ (Patna man body found in well)। পরদিন সকালে একটি কুয়ো থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। ঘটনার আগেই ফোন করে স্ত্রীকে জানিয়েছিলেন, বাইক নিয়ে দুর্ঘটনার (Bike accident) মুখে পড়েছেন। ওই যুবকের সারারাত বাড়িতে না ফিরলে পরিবারের চিন্তা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে অভিষেকের। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
অভিষেক বরুণ এক বিমা সংস্থার পাটনা শাখার ম্যানেজার ছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে স্ত্রী ও সন্তানদের বাড়ি পাঠিয়ে বাইকে করে ফেরার কথা ছিল তাঁর।
মৃতের স্ত্রী জানান, বাড়ি পৌঁছনোর পর স্বামীকে ফোন করেছিলেন তিনি। তখন অভিষেক জানিয়েছিলেন, তিনি রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যে ফের ফোন করে জানান, দুর্ঘটনার কবলে পড়েছেন। বলেন, বাইক পড়ে আটকে গিয়েছেন তিনি। এরপরই ফোনের লাইন কেটে যায়। তারপর ফোন করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সোমবার সকালে পাটনার রামকৃষ্ণ নগর থেকে প্রায় ৯ কিমি দূরে হাসনপুরা এলাকার একটি মাঠের পাশে কুয়ো থেকে উদ্ধার হয় অভিষেকের দেহ (Patna man body found in well)। খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পাটনা (ইস্ট) মহকুমার ডিএসপি সুশীল কুমার জানান, '১৩ জুলাই রাতে একটি পার্টি থেকে বাইকে বেরিয়ে ছিলেন অভিষেক। তাঁর শেষ ফোন কলের ভিত্তিতে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা হতে পারে। তবে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না, তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।'
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা গিয়েছে, অভিষেক একাই বাইক চালাচ্ছিলেন। তাঁকে কেউ অনুসরণও করছিল না। তদন্তকারীরা মনে করছেন, এটি হয়তো মদ্যপ অবস্থায় ঘটে যাওয়া দুর্ঘটনা। তবে আত্মহত্যা কিংবা পরিকল্পিতভাবে কোথাও ফাঁদে ফেলা হয়েছে, এই সব সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।