একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ট্রাস্টিফায়েড সার্টিফিকেশন’এর একটি এপিসোডে দেখানো হয়েছে যে, পতঞ্জলি প্রোডাক্টসের নিউট্রেলা সয়া বড়ি সেফটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

ওই চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে ক্ষতিপূরণ দাবি করেছে রামদেবের সংস্থা।
শেষ আপডেট: 19 December 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: বাবা রামদেবের পতঞ্জলি ফুডস তাদের ‘নিউট্রেলা সয়া চাঙ্কস’ (Nutrela Soya Chunks) নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে গিয়েছে। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ট্রাস্টিফায়েড সার্টিফিকেশন’এর একটি এপিসোডে দেখানো হয়েছে যে, পতঞ্জলি প্রোডাক্টসের নিউট্রেলা সয়া বড়ি সেফটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর বিরুদ্ধেই ওই চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে ক্ষতিপূরণ দাবি করেছে রামদেবের সংস্থা।
পতঞ্জলি ওই চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা ও সম্মানহানিকর ভিডিও প্রকাশের জন্য সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছে। এবং অবিলম্বে ওই এপিসোডটি বাতিল বা ডিলিট করার দাবি জানিয়েছে মুম্বই হাইকোর্টে। উচ্চ আদালতের বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চে আনা মামলায় পতঞ্জলির আইনজীবীর আবেদনের সঙ্গেই ইউটিউব চ্যানেলের পক্ষে প্রাথমিক আপত্তি জানিয়ে বলা হয়েছে, এটি একটি বাণিজ্যিক মামলা। সুতরাং, দ্রুত শুনানির প্রয়োজন নেই।
ভার্চুয়ালি হাজির থেকে চ্যানেলের কৌঁসুলি বলেন, এই ভিডিওটি যেটার সম্পর্কে পতঞ্জলি এখন আপত্তি তুলছে, সেটি প্রথম প্রকাশ হয় ২৯ ডিসেম্বর, ২০২৪ সালে। কোম্পানি এই ভিডিও সম্পর্কে জানতে পারে ২০২৫ সালের জানুয়ারিতে। তারপরেও কোম্পানির তরফ থেকে আমার মক্কেলকে নোটিস পাঠানো হয় ৪ মার্চ। যার জবাব আমরা দিই ১০ মার্চ। তারপর থেকে ওরা আর কোনও পদক্ষেপ করেনি। কোনও মামলা দায়ের করাও হয়নি। আর এতদিন পর ডিসেম্বরে ওরা আদালতে গিয়েছে।
আবেদনে পতঞ্জলি বলেছে, এই ভিডিওর মাধ্যমে তাদের পণ্যকে খাটো করে দেখানো হয়েছে। যার ফলে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এবং কোম্পানির প্রভূত ক্ষতি হয়েছে। পতঞ্জলির দাবি, তারা স্বাস্থ্যকর, প্রাকৃতিক জীবনযাত্রার উপর নির্ভরশীল খাদ্যপণ্যের ব্যবসা করে। যার উপর সাধারণ মানুষের ভরপুর আস্থা আছে। ফলে এই চ্যানেলের বিভ্রান্তিকর ভিডিও দেখে কোম্পানি যারপরনাই আঘাত পেয়েছে। এই ভিডিওতে যে দাবি করা হয়েছে, তা শুধু মিথ্যাই নয়, অবমাননাকর, অপমানজনক। এসব নিরামিষভোজী, প্রাকৃতিক খাবারে ভরসা রাখা মানুষের নিত্যপ্রয়োজনীয় হাই-প্রোটিন সমৃদ্ধ খাদ্য ও সুষম আহার নিউট্রেলা সয়া চাঙ্কসকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি সোমবার ধার্য করেছে।