উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়ে এক পাকিস্তানি জঙ্গিকে খতম করল সেনা ও পুলিশ। অন্যদিকে পুঞ্চে সন্ত্রাসবিরোধী অভিযানে দুর্ঘটনায় মৃত্যু হল সেনার জেসিও সুবেদার সন্দীপ কুমার ঢাকার।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 March 2026 10:02
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল যৌথ বাহিনী। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লা (Baramulla) জেলার উরি সেক্টরে (Uri Sector) ভারতীয় সেনা (Indian Army) ও জম্মু–কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police)-এর যৌথ অভিযানে এক পাকিস্তানি জঙ্গি (Pakistani Terrorist) খতম হয়েছে বলে জানা যাচ্ছে।
রবিবার সেনার তরফে জানানো হয়েছে, সীমান্তে অনুপ্রবেশের (Infiltration Attempt) নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ মার্চের মাঝরাতে এই অভিযান শুরু হয়। উরি সেক্টরের বুচার (Buchhar) এলাকার আশপাশে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনার কথা জানায় জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। অভিযানের সময় একটি ঝোপের মধ্যে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেন তাঁরা। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয়।
শুরু হয় গুলির লড়াই। সেনার দাবি, ওই গুলিতেই প্রাণ হারায় জঙ্গি।
ঘটনাস্থল থেকে একে রাইফেল (AK Rifle), পিস্তল (Pistol) এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, এলাকায় এখনও তল্লাশি অভিযান (Search Operation) চলছে। আরও কোনও অনুপ্রবেশকারী ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ (Poonch) জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের (Anti-terrorist Operation) সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। মৃতের নাম সুবেদার সন্দীপ কুমার ঢাকা (Subedar Sandeep Kumar Dhaka)। তিনি জুনিয়র কমিশন্ড অফিসার (Junior Commissioned Officer) বা জেসিও ছিলেন।
সেনার হোয়াইট নাইট কর্পস (White Knight Corps) জানিয়েছে, অপারেশন শেরি কালানের (Operation Sheri Kalan) অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চলছিল। শনিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান সুবেদার ঢাকা। তাঁকে দ্রুত উদ্ধার করে পোঠা মিলিটারি হাসপাতালে (Military Hospital Potha) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাণ ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
প্রয়াত সেনা আধিকারিকের সাহস, নিষ্ঠা ও দেশের প্রতি আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সেনাবাহিনী। শোকের এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে হোয়াইট নাইট কর্পস।