পহলগামে পাকিস্তানি জঙ্গিহানার ৯৮ দিন পর শ্রীনগরের কাছে মহাদেবগিরির জঙ্গলে লুকিয়ে থাকা মূল পান্ডা হাসিম মুসা ওরফে সুলেমান শাহ সহ তিনজনকে নিকেশ করেছে সেনার নেতৃত্বে যৌথ বাহিনী। অপারেশন মহাদেব নামে ওই অভিযান এখনও চলছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 29 July 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: পহলগামের ৩ ঘাতককে ভারতীয় সেনাবাহিনী খতম করে দেওয়ায় ফের মিথ্যার আশ্রয় নিয়ে বিরাট অভিযোগ তুলল পাকিস্তান। পহলগামে পাকিস্তানি জঙ্গিহানার ৯৮ দিন পর শ্রীনগরের কাছে মহাদেবগিরির জঙ্গলে লুকিয়ে থাকা মূল পান্ডা হাসিম মুসা ওরফে সুলেমান শাহ সহ তিনজনকে নিকেশ করেছে সেনার নেতৃত্বে যৌথ বাহিনী। অপারেশন মহাদেব নামে ওই অভিযান এখনও চলছে।
সুলেমান শাহ হল লস্কর-ই-তোইবার জঙ্গি যে পাকিস্তানি সেনার এলিট বাহিনী স্পেশাল সার্ভিস গ্রুপের প্রাক্তন কমান্ডো ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে সে ঘাপটি মেরে ঢুকেছিল ভারতে। দক্ষিণ কাশ্মীরে একাধিক জঙ্গি হামলায় সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এই সুলেমান সহ ৩ পাকিস্তানি জঙ্গিকে খতম করায় যারপরনাই ক্ষুব্ধ ইসলামাবাদের প্রশাসন।
তাদের বক্তব্য, ভারতীয় এজেন্সিগুলি আটক করা পাকিস্তানিদের নির্বিচারে হত্যা করছে। এনকাউন্টার দেখিয়ে তাদের মারার যুক্তি হিসেবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের অজুহাত খাড়া করছে। পাকিস্তানের সরকারি এজেন্সিগুলি এই জঙ্গিদের ‘নিরীহ’ এবং ‘নিরপরাধ পাকিস্তানি’ বলে মন্তব্য করেছে।
পাকিস্তানের ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডন’ এক সংবাদে পাকিস্তানি গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘ভারত অপারেশন মহাদেবের নামে ভুয়ো এনকাউন্টার চালাচ্ছে।‘ খবরে আরও লেখা হয়েছে, ভারতীয় গোয়েন্দা ও সেনা সংস্থাগুলি নিরপরাধ পাকিস্তানিদের কুমিরছানা হিসেবে দেখানোর তাল করছে। এদের জোর করে ভারতে আটক রাখা হয়েছে। আর এদেরই সীমান্ত পেরিয়ে ঢোকা জঙ্গি তকমা দিয়ে ভুয়ো সংঘর্ষ খাড়া করে মারছে।
আশ্চর্যজনকভাবে এই সংবাদপত্র অবশ্য কাশ্মীরে ঘন জঙ্গলে চিনের তৈরি উপগ্রহ ফোন ও প্রচুর পরিমাণে অত্যাধুনিক মার্কিন মুলুকে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে কী করছিল, তা নিয়ে কুলুপ এঁটে রয়েছে। পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরি শরিফের দাবি, ভারতীয় জেলে বর্তমানে ৭২৩ জন পাকিস্তানি বন্দিদশায় রয়েছে। কিন্তু, তারা একথা বলেনি যে, এই লোকগুলিকে ভারতের অভ্যন্তরে কী করে, কেন পাওয়া গেল? ডন আরও লিখেছে পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলির কর্তাদের মতে, এই আটক করা ব্যক্তিদের জোর করে পাক বিরোধী বয়ান আদায় করা চলছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ আরও একদফা এগিয়ে রয়েছে এ বিষয়ে। এনকাউন্টারে মারার প্রমাণ দেখাতে বলেছে ভারতকে। জিও-র খবর অনুযায়ী, পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (পাকিস্তানি সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ) বলেছে, ভারতীয় গোয়েন্দারা ৫৬ জন পাকিস্তানিকে আটক করে রেখেছে। সেদেশের নিউজ চ্যানেল ৩৬৫ প্লাস একটি সংবাদে বলেছে, ভারত এখন অপারেশন মহাদেবের নামে নিরীহ পাকিস্তানিদের ভুয়ো এনকাউন্টারের নামে ধরে ধরে মারছে। এই অভিযানকে সেনাবাহিনীর কৃতিত্ব হিসেবে দেখাতে চাইছে ভারত।