
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শেষ আপডেট: 18 January 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে শনিবার ক্যানসারের সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যে ক্যানসার এখন তার নিজের দেশকেই গিলে খাচ্ছে, মন্তব্য করেন প্রাক্তন আমলা। সীমান্ত ডিঙিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাধা পড়ে রয়েছে। তিনি এদিন আরও বলেন, শ্রীলঙ্কাকে কীভাবে ভারত সাহায্য করেছে এবং মায়ানমার ও আফগানিস্তানের পাশে রয়েছে নয়াদিল্লি। মুম্বইয়ে ননী পালকিওয়ালা স্মৃতিচারণ ভাষণে জয়শঙ্কর বৈদেশিক নীতি নিয়ে অনেক কথা তুলে ধরেন।
তাঁর কথায়, আমাদের প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান একটি ব্যতিক্রমী দেশ। সীমান্ত ডিঙিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আর সেই ক্যানসার এখন পাকিস্তানেরই রাজনৈতিক শরীর খুবলে খাচ্ছে। ভারতের অন্য দুই পড়শি দেশ আফগানিস্তান ও মায়ানমার নিয়ে তিনি বলেন, এই দুই দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে চলছি। গত ১০ বছর ধরে আমরা বৈশ্বিক ভারসাম্য বজায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করেছি সকলের সঙ্গেই।
ভারতের বৈদেশিক নীতির দর্শন ব্যাখ্যা করে বলেন, আমরা বিশ্বাস পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতাপূর্ণ বোঝাপড়া এবং দুজনেরই স্বার্থ বজায় রেখে চলা। ভারত পশ্চিমী দেশ না হলেও আমরা বোঝাতে চাই যে, আমরা পশ্চিম-বিরোধী দেশও নই। ভারত নিজেকে বিশ্ববন্ধু হিসেবে তুলে ধরতে চায় নিজেকে। চিন প্রসঙ্গে তাঁর মত, ২০২০ সালের পর থেকে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা থেকে বেরনোর প্রয়াস চলছে। দীর্ঘমেয়াদি আলোচনা ও কৌশলের মাধ্যমে তার সুরাহা করার প্রয়োজন রয়েছে।