
জ্যোতি মালহোত্রা। ইন্টারনেট সৌজন্যে।
শেষ আপডেট: 19 May 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার জ্যোতি মালহোত্রার মধ্যে অনুশোচনার ছাপ দেখা যাচ্ছে না। তদন্তকারী অফিসারদের দাবি, পাকিস্তানের কাছে দেশের গুরুত্বপূর্ণ সামরিক-অসামরিক তথ্য পাচার তিনি করেছেন কি না তা বলছেন না। এমনকী ইউটিউবার, ভ্লগার জ্যোতির মধ্যে ভুল করার মতো অনুতাপও নেই।
পুলিশ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি ভুল কাজ করেছেন এমন কোনও ইঙ্গিতও দেননি। তিনি বলেই যাচ্ছেন, বাকস্বাধীনতায় বিশ্বাস করেন, এবং যা করেছেন তা তাঁর স্বাধীনতার মধ্যে পড়ে। ইউটিউবে জ্যোতির ৩.৮৫ লক্ষ সাবস্ক্রাইবার ছিলেন। পহলগাম কাণ্ডের পর জ্যোতি ইউটিউবে দাবি করেন, কোনও পাকিস্তানি দায়ী নন এই কাজের জন্য।
সূত্র জানিয়েছে, নয়া যুদ্ধকৌশলের ছক মতো জ্যোতিকে পাকিস্তানপন্থী বক্তব্য তুলে ধরার চাপ দিয়েছিল ওপারের ছদ্মবেশী এজেন্টরা। তদন্তে নেমে জানা গিয়েছে, জ্যোতিকে পাকপন্থী প্রচার ছাড়াও সেখানকার চর সংস্থা আরও গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল। এখন সেই দৃষ্টিকোণ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, কী সেই কাজ!
৩৩ বছর বয়সি জ্যোতি (ইউটিউব চ্যানেলের নাম Travel with JO)-কে শুক্রবার হরিয়ানার নিউ অগ্রসেন এক্সটেনশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে পেশের পর পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জ্যোতি কাশ্মীরে পহলগামের হামলার আগেই সেখানে গিয়েছিল এবং তার আগে পাকিস্তানে ছিল। এসেছিল কলকাতাতেও। এই সফরগুলোর মধ্যে কোনও সংযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।