সাধারণ পাঠ্যবইয়ের মতো এটি নয়, বরং একক একটি ‘কেস স্টাডি’ হিসেবে তৈরি হচ্ছে, যাতে পড়ুয়ারা বর্তমান সময়ে দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাস দমন, কূটনীতি এবং আন্তঃমন্ত্রক সমন্বয়ের মতো বিষয়গুলির বাস্তব রূপ সম্পর্কে জানতে পারে।

শেষ আপডেট: 26 July 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামা, উরি-র পর এবার পাঠ্যবইয়ে 'অপারেশন সিঁদুর'। ভারত সম্প্রতি যেভাবে সন্ত্রাসবাদের জবাবে পাল্টা পাকিস্তানে ঢুকে তাদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, তা বিশেষ পাঠ্য মডিউলে ঢোকাচ্ছে জাতীয় শিক্ষাক্রম পর্ষদ (NCERT)।
সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের পাঠ্যক্রমে ঢুকতে পারে এই অংশটি এবং খুব শীঘ্রই তা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এনসিইআরটি। সাধারণ পাঠ্যবইয়ের মতো এটি নয়, বরং একক একটি ‘কেস স্টাডি’ হিসেবে তৈরি হচ্ছে, যাতে পড়ুয়ারা বর্তমান সময়ে দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাস দমন, কূটনীতি এবং আন্তঃমন্ত্রক সমন্বয়ের মতো বিষয়গুলির বাস্তব রূপ সম্পর্কে জানতে পারে।
কী ছিল অপারেশন সিঁদুরে?
চলতি বছরের ২৭ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় ২৬ জনের। এই ঘটনার দশ দিন পর, ৭ মে রাতে ভারত প্রতিক্রিয়াস্বরূপ এয়ারস্ট্রাইক চালায় পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে।
প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রক এবং গোয়েন্দা সংস্থাগুলির সহযোগিতায়, অত্যন্ত নির্ভুলভাবে চালানো হয় এই সামরিক অভিযান। ঠিক এই সমন্বয়ের দৃষ্টান্তকেই তুলে ধরা হচ্ছে এনসিইআরটি-র তৈরি পাঠ্যক্রমে। সেনাদের সাহস, বুক চিতিয়ে দেশ রক্ষার গল্পই উঠে আসবে এখানে।
এই মুহূর্তে শুধুমাত্র উচ্চমাধ্যমিক স্তরে এটি পড়ানো হলেও, ভবিষ্যতে তা মাধ্যমিক স্তরের উপযোগী করে তোলার পরিকল্পনাও রয়েছে এনসিইআরটি-র। একটাই লক্ষ্য, শিক্ষার্থীদের মধ্যে বর্তমান ঘটনার ভিত্তিতে বিশ্লেষণী মনোভাব ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলা।
জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) এবং জাতীয় শিক্ষাক্রম কাঠামো ২০২৩ (NCF 2023)-এর অংশ হিসেবে এনসিইআরটি বর্তমানে বেশ কিছু নতুন পাঠ্যবই প্রকাশ করেছে। ইতিমধ্যে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির জন্য ইংরেজি, সামাজিক বিজ্ঞান, সংস্কৃত এবং একটি পেশাভিত্তিক পাঠ্যবই প্রকাশ করা হয়েছে। সেখানে ভারতীয় ঐতিহ্য, বাস্তব শিক্ষা ও বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরা হচ্ছে।