শুক্রবার দিল্লির সুব্রত পার্কে এক প্রতিরক্ষা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সারা বছর, দিনে-রাতে ২৪ ঘণ্টা বাহিনীর সতর্কতা অত্যন্ত উচ্চস্তরে থাকা উচিত।

অনিল চৌহান
শেষ আপডেট: 25 July 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এখনও শেষ হয়নি, দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর জোর দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান (Anil Chouhan)। শুক্রবার দিল্লির সুব্রত পার্কে এক প্রতিরক্ষা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সারা বছর, দিনে-রাতে ২৪ ঘণ্টা বাহিনীর সতর্কতা অত্যন্ত উচ্চস্তরে থাকা উচিত।
সেমিনারের থিম ছিল ‘বায়ু মহাকাশ শক্তি: ভারতের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থ বিস্তার’। অনুষ্ঠানের আয়োজক ছিল ‘নং ৪ ওয়ারফেয়ার অ্যান্ড অ্যারোস্পেস স্ট্র্যাটেজি প্রোগ্রাম’।
সেখানে জেনারেল চৌহান বলেন, "যুদ্ধের কোনও রানার্স-আপ নেই। প্রতিরক্ষা বাহিনীর সব সময় প্রস্তুত থাকা দরকার। এরই একটি উদাহরণ অপারেশন সিঁদুর, যা এখনও চলছে। আমাদের প্রস্তুতি সর্বদা অত্যন্ত উচ্চমানের থাকতে হবে—দিনের ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিন।"
চলতি বছরের ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে এবং পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই সংঘাত শেষ হয় ১০ মে সন্ধ্যায় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে।
ভবিষ্যতের যুদ্ধে প্রযুক্তি, তথ্য এবং জ্ঞানের গুরুত্ব বাড়বে বলেও মন্তব্য করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনি বলেন, "আগামী দিনের সেনারা শুধু যোদ্ধা নয়, হতে হবে তথ্য-যোদ্ধা, প্রযুক্তি-যোদ্ধা ও জ্ঞান-যোদ্ধার সংমিশ্রণ।" তিনি আরও বলেন, "শাস্ত্র ও শস্ত্র— দুই-ই শেখা জরুরি।"