অপারেশন সিঁদুর-সহ সব গুরুত্বপূর্ণ বিষয়েই আলোচনা করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। তাঁর আশ্বাস, সরকার কোনও ইস্যু থেকে পিছু হটবে না, এবং সংসদ যাতে সুশৃঙ্খলভাবে চলে, সেই চেষ্টাই থাকবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 July 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: আগামী সোমবার, ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষা অধিবেশন। তার আগেই রবিবার সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) জানালেন, অপারেশন সিঁদুর (Operation Sindoor)-সহ সব গুরুত্বপূর্ণ বিষয়েই আলোচনা করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। তাঁর আশ্বাস, সরকার কোনও ইস্যু থেকে পিছু হটবে না, এবং সংসদ যাতে সুশৃঙ্খলভাবে চলে, সেই চেষ্টাই থাকবে।
রিজিজু বলেন, “অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত। সরকারের সঙ্গে বিরোধীদের সহযোগিতা থাকলে সংসদের কাজকর্ম নির্বিঘ্নে চলবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) যুদ্ধবিরতির দাবি সংসদে তুলবে বিরোধীরা— এমন প্রশ্নে রিজিজু স্পষ্ট জানান, “সরকার সংসদের ভেতরে উপযুক্ত জবাব দেবে, বাইরে নয়।” তিনি আরও বলেন, “গঠনমূলক বিতর্কের পরিবেশ তৈরি করা জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সব গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে উপস্থিত থাকেন।”
এই বর্ষা অধিবেশনে সরকার মোট ১৭টি বিল পেশ করতে চলেছে। রিজিজুর কথায়, “আমরা খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত। সংসদের নিয়ম ও রীতি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।”
সর্বদলীয় বৈঠকে ৫১টি রাজনৈতিক দল অংশ নেয়, উপস্থিত ছিলেন ৫৪ জন সদস্য। বৈঠককে গঠনমূলক আখ্যা দিয়ে রিজিজু বলেন, “এনডিএ, ইউপিএ (ইন্ডিয়া জোট) এবং নির্দলরা নিজেদের মতামত জানিয়েছেন। বিভিন্ন বিষয়ে বিতর্কের দাবি উঠেছে। আমরা সেই দাবিগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”
তিনি বলেন, “আমরা রাজনৈতিকভাবে আলাদা হতে পারি, কিন্তু সংসদ সুষ্ঠুভাবে চলবে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং বিরোধী দুই পক্ষেরই।”
একইসঙ্গে কিরেন রিজিজু বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসঙ্গেও বড় মন্তব্য করেন। তাঁর কথায়, “এই অধিবেশনেই বিচারপতি বর্মার বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। ইতিমধ্যেই ১০০-র বেশি সাংসদ এতে সই করেছেন। যদিও সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, ঠিক সময়ে তা জানানো হবে।”
এছাড়া, ছোট দলের সাংসদরা পর্যাপ্ত সময় পান না বলেও অভিযোগ ওঠে। রিজিজু বলেন, লোকসভা স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা হবে। বিষয়টি বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে তোলা হবে বলেও জানান তিনি।