এদিন তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন তিনি, যার ফলে দেশের উচ্চগতির এই রেলের মোট সংখ্যা দাঁড়াল ১৫০-এ। পাশাপাশি চালু হল বহু প্রতীক্ষিত বেঙ্গালুরু মেট্রোর ইয়োলো লাইন।

নরেন্দ্র মোদী (ফাইল ছবি )
শেষ আপডেট: 10 August 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আঘাত হেনে, কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানকে পিছিয়ে যেতে বাধ্য করার ক্ষমতা ভারতের আছে। রবিবার বেঙ্গালুরুতে দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে ফের বললেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই সাফল্যের মূল চাবিকাঠি দেশের প্রযুক্তিগত শক্তি এবং প্রতিরক্ষায় নিহীত। হাত রয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’রও।
এপ্রিলে পহেলগামের বৈসরনে অতর্কিতে গুলি চালিয়ে হত্যা করা হয় ২৬ জনকে। যার মধ্যে ২৫ জনই পর্যটক। দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। উচিত শিক্ষা দিতে পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। অপারেশনের নাম দেওয়া হয় সিঁদুর। তারপরও জম্মু ও কাশ্মীরে একাধিক জায়গায় অপারেশন চালিয়ে জঙ্গি দমন করে ভারতীয় সেনা।
এই গর্বের কীর্তি নিয়েই এদিন বেঙ্গালুরুতে মেট্র্রোর হলুদ লাইন ও বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আইটি অর্থাৎ প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশংসা করেন। বাহবা জানান তাঁদের কাজের। কৃতিত্বও দেন ষোলোয়ানা।
এদিন তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন তিনি, যার ফলে দেশের উচ্চগতির এই রেলের মোট সংখ্যা দাঁড়াল ১৫০-এ। পাশাপাশি চালু হল বহু প্রতীক্ষিত বেঙ্গালুরু মেট্রোর ইয়োলো লাইন। শিলান্যাস হল ১৫,৬১০ কোটি টাকার মেট্রো-ফেজ ৩ প্রকল্পের, যাতে ৪৪ কিলোমিটার উঁচু লাইন ও ৩১টি নতুন স্টেশন যুক্ত হবে।
কন্নড় ভাষায় বক্তব্য শুরু করে মোদী বলেন, 'বেঙ্গালুরু নতুন ভারতের প্রতীক, যে শহর দেশকে বিশ্বের আইটি মানচিত্রে তুলে ধরেছে। তিনি কৃতিত্ব দেন এখানকার মানুষের মেধা ও পরিশ্রমকে।
বক্তব্যের মাধ্যমে মোদী এদিন দেশের উন্নয়নের মানচিত্র তুলে ধরেন সকলের সামনে। জানান, ২০১৪ সালে দেশে মেট্রো পরিষেবা ছিল মাত্র ৫টি শহরে, যা এখন বেড়ে ২৪টি শহরে ১,০০০ কিলোমিটারের বেশি বিস্তৃত। গত ১১ বছরে রেল বিদ্যুতায়ন দ্বিগুণ হয়েছে, বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৬০-র বেশি। জাতীয় জলপথ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ডিজিটাল লেনদেন-বিশ্বের ৫০% রিয়েল-টাইম লেনদেন এখন ভারতের ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে।
মোদীর কথায়, প্রযুক্তি সরকার ও নাগরিকের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে। 'আমাদের চেষ্টা, ডিজিটাল বিপ্লবের সুফল যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়। বেঙ্গালুরু সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।'
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ অন্যান্যরা।