প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন আগে ভাবনা অনলাইনে একটি চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে আবেদন করেছিলেন। পরিবারের দাবি, ওই বিজ্ঞাপনটি ভুয়ো।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 November 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন প্রতারণার (Cyber fraud) ফাঁদে পড়ে মর্মান্তিক পরিণতি ২১ বছর বয়সী এক তরুণীর। শুক্রবার ঝাঁসিতে নদীর ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাঁসি জেলার বারুয়াসাগর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ভাবনা পাল (২১)। তাঁর স্বামী শের সিং পাল জানিয়েছেন, গত ২৮ অক্টোবর তরুণী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান পাননি। অবশেষে শুক্রবার নটঘাট ব্রিজের কাছে বেতোয়া নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন আগে ভাবনা অনলাইনে একটি চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে আবেদন করেছিলেন। পরিবারের দাবি, ওই বিজ্ঞাপনটি ভুয়ো (online job scam)। প্রতারকরা চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। সেখানে তাঁকে নথিপত্র জমা দিতে এবং সামান্য ফি দিতে বলা হয়েছিল। সেই টাকা পাঠানোর পর তাঁকে ব্লক করে দেয় প্রতারকরা। টাকা ফেরত পাওয়ার কোনও আশা দেখতে না পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েন ভাবনা।
মৃতার স্বামীর কথায়, প্রতারকরা তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে প্রায় পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর থেকেই ভবনা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কারও সঙ্গে ঠিক করে কথাও বলছিলেন না। নিজেকে কার্যত ঘরবন্দি করে ফেলেছিলেন। তবে বাড়ির লোকেরা বিষয়টি বুঝে উঠতে না পারার আগেই ঘটে যায় দুর্ঘটনা।
বরুয়াসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল রাঠোর জানান, “পরিবারের তরফে জানানো হয়েছে যে ভবনা সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এবং তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০০০ টাকা উধাও হয়ে যায়। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।”
তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। “আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে প্রতারণার বিষয়টি নিয়েও তদন্ত হবে,” বলেন রাঠোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনা সম্প্রতি একটি অনলাইন অ্যাপের মাধ্যমে চাকরির খোঁজ করছিলেন। সেখানে তাঁকে নথিপত্র জমা দিতে এবং সামান্য ফি দিতে বলা হয়েছিল। সেই টাকা পাঠানোর পর তাঁকে ব্লক করে দেয় প্রতারকরা। সেই আঘাত সামলাতে না পেরেই তিনি চরম সিদ্ধান্ত নেন বলে আশঙ্কা পুলিশের।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাইবার প্রতারণার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কেউ এমন প্রতারণার ফাঁদে না পড়েন।