২০১৩ সালে মাত্র হাজার টাকা হাতে নিয়ে বাড়ি ছাড়েন আলিম। তার মধ্যে ৮০০ টাকা খরচ হয় ট্রেন ভাড়ায়। হাতে থাকে মাত্র ২০০ টাকা। কোনও কাজ নেই, থাকার জায়গাও নেই।

ফাইল ছবি
শেষ আপডেট: 10 October 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: এ যেন এক অসাধারণ অনুপ্রেরণার গল্প। সিকিউরিটি গার্ড (Security Guard) হিসেবে কাজ শুরু করে শেষ পর্যন্ত একই সংস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (Software Engineer) পদে যোগ দিলেন এক যুবক! শুনতে অবাক লাগলেও ঘটেছে এমনটাই। সেই গল্পই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তামিলনাডুর (Tamilnadu) বাসিন্দা আব্দুল আলিমের (Abdul Aliim) জীবন বদলে দিয়েছে জোহো (Zoho)। এক সময়ে এই সংস্থায় তিনি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। আজ তাঁরাই তাঁকে ইঞ্জিনিয়ার পদে কাজ দিয়েছে। কীভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনা, তা নিজেই জানিয়েছেন টেন-পাশ এই যুবক। আজ এই জায়গায় তিনি পৌঁছেছেন কোনও কলেজ ডিগ্রি ছাড়াই।
২০১৩ সালে মাত্র হাজার টাকা হাতে নিয়ে বাড়ি ছাড়েন আলিম। তার মধ্যে ৮০০ টাকা খরচ হয় ট্রেন ভাড়ায়। হাতে থাকে মাত্র ২০০ টাকা। কোনও কাজ নেই, থাকার জায়গাও নেই। প্রায় দু’মাস রাস্তার ধারে দিন কাটানোর পর অবশেষে জোহো অফিসে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি পান তিনি।
১২ ঘণ্টার ডিউটির সময় জোহোর এক সিনিয়র কর্মী (Senior Employee), শিবু অ্যালেক্সিস, আলিমের সঙ্গে কথা বলেন। আলিমের কথায়, “তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, আলিম, তোমার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি।” তখন আলিমের পড়াশোনা ক্লাস ১০ পর্যন্ত, আর সামান্য কিছু HTML জানা ছিল। কিন্তু শেখার ইচ্ছে ছিল প্রবল।
শিবু অ্যালেক্সিস তাঁকে শেখানো শুরু করেন। দিনের বেলা নিরাপত্তার দায়িত্ব সামলে সন্ধেয় প্রোগ্রামিং শেখায় মন দেন আলিম। টানা আট মাস পরে তিনি একটি ছোট অ্যাপ তৈরি করেন, যা ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী ডেটা দেখাতে পারত। শিবু সেই অ্যাপটি জোহোর এক ম্যানেজারকে দেখান।
ম্যানেজার এতটাই মুগ্ধ হন যে, আলিমকে ইন্টারভিউয়ের জন্য ডাকেন। ডিগ্রি না থাকার কথা জানিয়ে তিনি দ্বিধা প্রকাশ করলে ম্যানেজার বলেন, “জোহো-তে তোমার ডিগ্রির দরকার নেই, এখানে কেবল তোমার দক্ষতাই আসল।” ইন্টারভিউ পাশ করে তিনি ডেভেলপার হিসেবে সংস্থায় যোগ দেন।
আজ, আট বছর পরও তিনি জোহো-তেই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে আলিম লিখেছেন, “শিবু অ্যালেক্সিসকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে জ্ঞান ও দিশা দিয়েছেন, আর জোহো-কে ধন্যবাদ, যারা আমাকে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ দিয়েছেন।''