কংগ্রেস সাংসদকে একটি চিঠিতে কমিশন বলেছে, তিনি যদি ভোটারদের নাম, ঠিকানা ও পরিচয় নিয়ে রিগিংয়ের অভিযোগ তুলে থাকেন, তাহলে তিনি যেন তাতে হলফ করে সত্যি বলছি বলে স্বাক্ষর করে দেন এবং অভিযোগের প্রমাণ দাখিল করেন।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী।
শেষ আপডেট: 7 August 2025 22:37
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোটচুরি’র অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন। কর্নাটক নিয়ে বিরোধী দলনেতার অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কড়া মনোভাব দেখিয়েছে কমিশন। কংগ্রেস সাংসদকে একটি চিঠিতে কমিশন বলেছে, তিনি যদি ভোটারদের নাম, ঠিকানা ও পরিচয় নিয়ে রিগিংয়ের অভিযোগ তুলে থাকেন, তাহলে তিনি যেন তাতে হলফ করে সত্যি বলছি বলে স্বাক্ষর করে দেন এবং অভিযোগের প্রমাণ দাখিল করেন। অন্যথায় বিরোধী নেতা যেন তাঁর অভিযোগ প্রত্যাহার করে নেন এবং জনতাকে বিভ্রান্ত না করেন।
এর প্রত্যত্তুরে আবার রাহুল বলেছেন, তিনি একজন রাজনৈতিক নেতা। প্রকাশ্যে যা বলে থাকেন, তা হলফ করে সত্যি কথাই ধরে নিতে হবে। ভারতের নির্বাচন কমিশন যদিও কোনও জবাব তলব করেনি। তবে কর্নাটকের মুখ্য নির্বাচনী অফিসারের দফতর থেকে চিঠি ইস্যু করা হয়েছে। তাতে আগামী ৮ অগস্ট রাহুলকে দেখা করার সময় দেওয়া হয়েছে। দুপুর ১টা থেকে ৩টের মধ্যে রাহুল সেখানে দেখা করতে পারবেন।
চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা (SSR 2025) কংগ্রেসের হাতে দেওয়া হয়েছিল ২০২৪ সালের নভেম্বর এবং ২০২৫ সালের জানুয়ারিতে। তা সত্ত্বেও কংগ্রেসের তরফে তালিকা সম্পর্কিত কোনও আপত্তি বা আবেদন জমা পড়েনি কমিশনে। চিঠিতে দাবি করা হয়েছে, রাহুল গান্ধীকে স্পষ্ট করে বলতে হবে যে, কাদের ভুয়ো নাম রয়েছে, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কত এবং তিনি এই বিবৃতি দিয়েছেন ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে। রাহুল গান্ধী যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। তাঁর বিরুদ্ধে আরপি আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারা এবং আইজেসি ২০২৩-এর ২২৭ ধারায় মামলা দায়ের করা হবে।
এর জবাবে রাহুল বলেছেন, আমি আমার কোনও তথ্য দিইনি। এটা কমিশনেরই ডেটা বলছে। মজার বিষয় হল, কমিশন কিন্তু এই ডেটাকে খারিজ করে দেয়নি। ওরা একবারও বলছে না, রাহুল গান্ধী যে কথা বলছেন, তার সবটাই ভুল। কারণ আপনারা জানেন সত্যিটা কী! আপনারা এও জানেন যে, আমরা জেনে গিয়েছি এটা দেশজুড়ে করা হয়েছে।