ডিএলএফ ফেজ ৩-এর একটি আবাসনে ছাদ থেকে পড়ে মৃত্যু হল ২২ বছর বয়সী এক তরুণীর। ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা বরিঞ্জি পর্বতী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির ছাদে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 July 2025 07:35
দ্য ওয়াল ব্যুরো: ডিএলএফ ফেজ ৩-এর একটি আবাসনে ছাদ থেকে পড়ে মৃত্যু হল ২২ বছর বয়সী এক তরুণীর। ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা বরিঞ্জি পর্বতী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির ছাদে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ছাদের ধারে বসেই মজা করে স্বামীকে প্রশ্ন করেন, ‘‘আমি পড়ে গেলে তুমি আমায় ধরতে পারবে তো?’’—এই কথার পর মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।
পর্বতীর স্বামী ডি দুর্যোধন রাও জানান, “আমি ওকে নিচে নামতে বলছিলাম। চেষ্টা করছিলাম ওকে ধরার। প্রায় দু’মিনিট ধরে ওর হাত ধরে রেখেছিলাম, সাহায্যের জন্য চেঁচিয়েছিলামও। কিন্তু কেউ ছিল না আশেপাশে। শেষমেশ ওর হাত ছুটে যায়।”
চাকরি করতেন এক বেসরকারি সংস্থায়, সোশ্যাল মিডিয়া কনটেন্ট মডারেটর হিসেবে। স্ত্রী বরিঞ্জিও কাজ করতেন কল সেন্টারে। স্বামী জানালেন, “ভাগ্যের দোষ, নয়তো আমাদের দাম্পত্যজীবন ছিল সুখের। সন্তান নেওয়ার পরিকল্পনাও করছিলাম আমরা। হঠাৎ এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। ঈশ্বর বোধহয় এটাই চাইছিলেন।”
পুলিশ সূত্রে খবর, পর্বতী ছাদের রেলিংয়ে দুই পা ঝুলিয়ে বসেছিলেন। হাসিমুখে স্বামীকে প্রশ্ন করেছিলেন, “আমি পড়ে গেলে তুমি ধরতে পারবে?” তারপর হঠাৎ একদিকে হেলে পড়ে যান। দুর্যোধন চেষ্টা করেছিলেন স্ত্রীকে টেনে তোলার। ধস্তাধস্তির চিহ্ন মিলেছে তাঁর হাত ও বুকে। পুলিশের প্রাথমিক তদন্তে খুন বা আত্মহত্যার প্রমাণ মেলেনি।
ডিএলএফ ফেজ ৩ থানার ভারপ্রাপ্ত আধিকারিক যোগেশ কুমার জানিয়েছেন, “পর্বতীর পরিবারের পক্ষ থেকেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।” চার দিন কেটে যাওয়ার পরও স্ত্রীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি দুর্যোধন। দিল্লির একমাত্রিক ছোট্ট ফ্ল্যাটে বসে বললেন, “সব কিছু শেষ হয়ে গেল। ও আমার জীবন ছিল।”