চীনের দাবি, এই প্রকল্পে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কাজ করা হবে। কিন্তু পরিবেশবিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ এই বাঁধ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল প্রদেশে 'সিয়াং' নামে প্রবেশ করে, পরে অসম হয়ে প্রবাহিত হয়।

বিশ্বের বৃহত্তম নদীবাঁধ তৈরির কাজ শুরু করল চীন
শেষ আপডেট: 20 July 2025 00:44
দ্য ওয়াল ব্যুরো: ভারত সীমান্তের কাছেই তিব্বতের ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করল চীন (China begins construction of world’s biggest dam over Brahmaputra)। শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং (Chinese Premier Li Qiang) ইয়ারলুং সাংপো নদীর উপর বিশাল বাঁধ নির্মাণের কাজের উদ্বোধন করেন। এই নদীই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সিয়াং হয়ে পরে ব্রহ্মপুত্র নামে অসম ও বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। ফলে চীনের এই প্রকল্পের কারণে জলসংকটের আশঙ্কা করছে ভারত।
জানা গিয়েছে, এই প্রকল্পে পাঁচটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। বছরে ৩০০ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা রয়েছে, যা প্রায় ৩০ কোটি মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। এই বিদ্যুৎ মূলত দেশের বাইরের বাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বেজিং। তবে আংশিকভাবে স্থানীয় চাহিদাও পূরণ হবে। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নদীবাঁধ। যা তৈরি করতে খরচ প্রায় সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা (১.২ ট্রিলিয়ন ইউয়ান)।
চীনের দাবি, এই প্রকল্পে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কাজ করা হবে। কিন্তু পরিবেশবিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ এই বাঁধ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) 'সিয়াং' নামে প্রবেশ করে, পরে অসম হয়ে প্রবাহিত হয়। ফলে এই বাঁধ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জলপ্রবাহের উপরে বড় প্রভাব ফেলতে পারে।
পরিবেশবিদদের আশঙ্কা, বর্ষায় বাঁধ খুলে দিলে হঠাৎ করে নীচের দিকে জল নেমে বন্যা দেখা দিতে পারে, আর শীতকালে জল ধরে রাখলে তীব্র জলসংকট দেখা দিতে পারে। শুধু তাই নয়, ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকায় এই ধরনের বিশাল বাঁধ ভবিষ্যতে ভূমিকম্পের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কয়েকদিন আগেই চীনের এই নদীবাঁধকে 'জলবোমা' বলে উল্লেখ করেন। তিনি বলেছিলেন, 'তিব্বতে ব্রহ্মপুত্রের উপর চীনা বাঁধ ভারতের জন্য ভয়বঙ্কর বিপদ হয়ে উঠতে পারে। এটা যেন এক একটি জলবোমা।' উল্লেখ্য, ভারতের উদ্বেগকে অগ্রাহ্য করে প্রায় দশ বছর আগে থেকেই এই নদী বাঁধ তৈরির কাজ শুরু করেছে চীন যা শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল।
এই বাঁধ নিয়ে ভারত (India) সরকার সরাসরি মুখ না খুললেও, দিল্লি গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে বলে সূত্রের খবর। অন্যদিকে বাংলাদেশও এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রহ্মপুত্রের জলপ্রবাহ নিয়ন্ত্রণে বেজিং-এর একতরফা পদক্ষেপ দক্ষিণ এশিয়ার জলনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।