প্রধানমন্ত্রীর (Narendra Modi visited Bengal) বঙ্গসফরের দিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি যান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার বিকেলেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বললেন তিনি।

ফাইল চিত্র
শেষ আপডেট: 20 July 2025 00:11
দ্য ওয়াল ব্যুরো: একুশ জুলাই দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। ওইদিন কি তাঁকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এনিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবিষয়ে জল্পনা জিইয়ে রেখেছিলেন তিনি। তারপরই দিলীপ ঘোষের (Former Bengal BJP President Dilip Ghosh) দফতর থেকে একটি পোস্ট করা হল, যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কর্মসূচি নিয়ে জানানো হয়েছে।
ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই খড়্গপুরে 'শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা' করবেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের রক্তের রাজনীতির বলি হওয়া ২৫০-র বেশি কর্মীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। ২১ জুলাই অর্থাৎ আগামী সোমবার দুপুর ৩টেয় খড়্গপুর শহরের ১৮ নং ওয়ার্ডের গিরি ময়দানের কেদারনাথ মন্দির এলাকায় সভার আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রীর (Narendra Modi visited Bengal) বঙ্গসফরের দিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি যান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার বিকেলেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। একদিকে যেমন প্রধানমন্ত্রীর সভায় ডাক না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তেমনই একুশে জুলাইয়ে (21 July) তাঁর কর্মসূচি নিয়েও জল্পনা জিইয়ে রাখেন।
একুশ জুলাই দিলীপ ঘোষের কর্মসূচি কী? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন, '২১ তারিখ খড়গপুরে একটি সভার আয়োজন করা হয়েছে। সব কর্মীরা আসবেন। বাংলায় আমাদের প্রায় ২৫০ জন কর্মী তৃণমূলের হিংসার বলি হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে।' তবে রাজনৈতিক মহলের একাংশের নজর কেড়েছে দিলীপ ঘোষের আরও একটি মন্তব্য। ক'দিন আগেই বিজেপি নেতা দাবি করেছিলেন, ২১ তারিখ কোনও চমক থাকবে। এদিন তাঁকে একই প্রশ্ন আবার করা হলে উত্তরে বলেন, '২১ তারিখ তো এখনও চলে যায়নি। আসুক ২১ তারিখ।'
সম্প্রতি বিজেপির রাজ্য় সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর থেকেই জল্পনা ছিল, দিলীপ ঘোষকেই আবার এই পদে ফিরিয়ে আনা হবে। তবে শেষপর্যন্ত তা হয়নি। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষকে কোনও গুরুদায়িত্ব দেওয়া হয় কিনা তা নিয়েও কৌতূহল শুরু হয়েছে। দিল্লিতে নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের পর আরও জোরালো হয়েছে জল্পনা।
তবে এদিন সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'এখনই কোনও দায়িত্ব দেওয়া হয়নি। দলে সাংবিধানিকভাবে রদবদল হয়। কোনও দায়িত্ব পেলে মাননীয় সভাপতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।'