সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে মায়ূরভঞ্জ জেলার করঞ্জাই এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২৫ জুন সন্ধ্যায় এক তরুণী স্থানীয় মন্দির থেকে বাড়ি ফিরছিলেন। সেইসময়েই তিনজন দুষ্কৃতী তাঁকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।

প্রতীকী ছবি (গুগল)
শেষ আপডেট: 26 June 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: দশ দিনের মধ্যে পাঁচটি আলাদা ধর্ষণের ঘটনা। স্থান-সময় আলাদা হলেও অপরাধ এক- ওড়িশার তিন জেলায় ঘটে যাওয়া এই বর্বর ঘটনাগুলি রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। ময়ূরভঞ্জ, গঞ্জাম ও কেওনঝড়, এই তিন জেলায় ধারাবাহিকভাবে ঘটে চলেছে মহিলাদের ওপর ভয়াবহ যৌন হেনস্তা ও ধর্ষণের ঘটনা!
সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে মায়ূরভঞ্জ জেলার করঞ্জাই এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২৫ জুন সন্ধ্যায় এক তরুণী স্থানীয় মন্দির থেকে বাড়ি ফিরছিলেন। সেইসময়েই তিনজন দুষ্কৃতী তাঁকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই বিকাশ পাত্র নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।
ওড়িশায় ঘটে যাওয়া পাঁচটি ভয়াবহ ঘটনা এক নজরে-
১৭ জুন, গোপালপুর সমুদ্রসৈকত, (গঞ্জাম)
সমুদ্রসৈকতে এক পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ১০ জন দুষ্কৃতী বন্ধুটিকে মারধর করে বেঁধে রেখে ওই মহিলাকে গণধর্ষণ করে। ঘটনায় জড়িত দশজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
১৮ জুন, তেন্তলাপাশি গ্রাম, (কেওনঝড়)
গ্রামের এক ধানক্ষেতে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আগের দিন সন্ধ্যায় নিখোঁজ হয়েছিল সে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরিবার জানিয়েছে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সন্দেহ।
১৯ জুন, বারিপদা, (ময়ূরভঞ্জ)
এক গৃহবধূর স্বামী অভিযোগ জানান, তিনি ও বাড়ির অন্যান্য সদস্যরা অনুপস্থিত থাকাকালীন চারজন পুরুষ (যাঁরা পূর্বপরিচিত) বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
২৫ জুন, বেরহামপুর, (গঞ্জাম)
১৭ বছরের এক কিশোরীর পরিবার অভিযোগ করেন, স্থানীয় এক নার্সিং ক্লিনিক মালিক পড়াশোনার প্রতিশ্রুতি দিয়ে ও বিনামূল্যে থাকার জায়গা দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
২৫ জুন, করঞ্জাই, (ময়ূরভঞ্জ)
মন্দির থেকে বাড়ি ফেরার পথে তিন ব্যক্তি এক যুবতীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এক অভিযুক্ত গ্রেফতার, বাকি দু’জন পলাতক।
এই পাঁচটি ঘটনা প্রকাশ্যে আসার পরই ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কাঠগড়ায় তোলা হয়েছে ওড়িশার বিজেপি সরকারকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। কটকের কংগ্রেস বিধায়ক সোফিয়া ফিরদৌস এক সংবাদমাধ্যমকে জানান, 'এটা খুবই লজ্জার বিষয়। মাত্র এক বছরের মধ্যেই নতুন সরকারের আমলে একের পর এক নারী নির্যাতনের মতো অপরাধ বেড়ে চলেছে। এদিকে সরকার নির্বিকার। কোনও দুঃখপ্রকাশ নেই, নেই কোনও দৃঢ় পদক্ষেপ।'
তিনি আরও বলেন, 'রাজ্যে আইন-শৃঙ্খলা বেহাল। কারও মনে ভয় নেই, না পুলিশের, না আইন ব্যবস্থার। যেভাবে এই অপরাধীরা একের পর এক অপরাধ করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাতে এটা পরিষ্কার যে সরকার ব্যর্থ হয়েছে। কোনও ব্যবস্থা না নিলে মানুষকে কী দেখাব? অপরাধীরা ভয় পাবে কেন?'