মান-অভিমান মিটল না পুরনো দলের সঙ্গে। ভোটের মুখে স্ট্যালিনের হাত ধরে ডিএমকে-তে যোগ দিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম।

পন্নিরসেলভম
শেষ আপডেট: 27 February 2026 11:50
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর রাজনীতিতে গুরুত্বপূর্ণ পালাবদল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে (AIADMK) থেকে বহিষ্কৃত নেতা ও পন্নিরসেলভম (O Panneerselvam) শুক্রবার দ্রাবিড় মুনেত্র কাঝাগমে (Dravida Munnetra Kazhagam বা DMK) যোগ দিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
চেন্নাইয়ে দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin) উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ডিএমকে-তে যোগ দেন পন্নিরসেলভম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী ও নেতারা।
ডিএমকে-র কৌশল, দক্ষিণে নজর
ডিএমকে এই যোগদানকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে। দক্ষিণ তামিলনাড়ুর থেভর (Thevar) অধ্যুষিত এলাকায় এখনও পন্নিরসেলভমের প্রভাব রয়েছে। সেই ভোটব্যাঙ্ককে কাজে লাগিয়ে শক্ত ভিত গড়তেই ডিএমকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
অন্যদিকে, এআইএডিএমকে-র জন্য এটা বড় ধাক্কা। থেভর ভোটের বিভাজন এবং দক্ষিণে অসন্তুষ্ট কর্মীদের একাংশ ডিএমকে-র দিকে ঝুঁকতে পারে—এমন আশঙ্কা বাড়ছে। নির্বাচনের আগে সংগঠনগত দুর্বলতা আরও প্রকট হতে পারে।
জয়ললিতার অনুগত থেকে দলছাড়া
ও পন্নিরসেলভম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার (J Jayalalithaa) ঘনিষ্ঠ অনুগত। তিনি তিন বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর থেকেই এআইএডিএমকে-র ভিতরে ক্ষমতার লড়াই শুরু হয়। এডাপ্পাড়ি কে পালানিস্বামী (Edappadi K Palaniswami বা EPS)-র সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের জেরে দল কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সংগঠনের নিয়ন্ত্রণ ক্রমে পালানিস্বামীর হাতে চলে যায়। শেষ পর্যন্ত বহিষ্কৃত হন পন্নিরসেলভম।
এর পর তিনি ‘এআইএডিএমকে ওয়ার্কার্স রিট্রিভাল অর্গানাইজেশন’ নামে পৃথক সংগঠন গড়ে নিজেকে জয়ললিতার প্রকৃত উত্তরসূরি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তবে রাজনৈতিকভাবে সেই উদ্যোগ বড় সাফল্য পায়নি।
পুনর্মিলনের আশা ভঙ্গ, শেষমেশ শিবির বদল
২০২৬ নির্বাচনের আগে এআইএডিএমকে-তে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন পন্নিরসেলভম। এমনকি পালানিস্বামীকে ‘দাদা’ বলেও সম্বোধন করেছিলেন। কিন্তু পালানিস্বামী স্পষ্ট জানিয়ে দেন, দলে তাঁকে ফেরানোর ‘কোনও প্রশ্নই নেই’।
গত কয়েক মাসে পন্নিরসেলভম একাধিক বার মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেন। প্রকাশ্যেই বলেন, ডিএমকে-র শাসন ‘জনগণের মনে গভীর ছাপ ফেলেছে’ এবং দল আবার ক্ষমতায় ফিরতে পারে।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে পন্নিরসেলভমের ঘনিষ্ঠ গোষ্ঠী বিজেপি (BJP)-নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট থেকেও সরে আসে।
সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল। ডিএমকে-র শক্তি বাড়ল, এআইএডিএমকে আরও চাপে পড়ল। এখন নজর ২০২৬-এর লড়াইয়ে—এই যোগদান ভোটের অঙ্ক কতটা বদলায়।