সাম্প্রতিক সময়ে সারা দেশজুড়ে একাধিক অভিযানে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার হয়েছে, সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে অজিত ডোভাল।

অজিত ডোভাল
শেষ আপডেট: 1 November 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতে সন্ত্রাসবাদ (Terrorism) কার্যত নিয়ন্ত্রণে। সম্প্রতি এমনই দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval)। তাঁর কথায়, জম্মু-কাশ্মীর বাদ দিলে ২০১৩-র পর দেশের অন্য কোথাও বড়সড় জঙ্গি হামলা হয়নি। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়াতেই এই সাফল্য মিলেছে বলে মত তাঁর।
দিল্লিতে সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় ডোভাল বলেন, “তথ্যই কথা বলে। দেশে সন্ত্রাসকে কার্যকরভাবে রুখে দেওয়া হয়েছে।” তবে জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) এবং তার সীমান্তবর্তী এলাকা নিয়ে আলাদা মত তাঁর। ডোভাল বলেন, সেখানে বহুদিন ধরেই পাকিস্তান-সমর্থিত (Pakistan) গোপন সংঘাত চলেছে। তাদের মদতপুষ্ট জঙ্গিরা ক্রমাগত হামলার চেষ্টা করছে। তবে তা রুখে দেওয়া হচ্ছে। এছাড়া, দেশের বাকি অংশ শান্ত ও সুরক্ষিত।
সাম্প্রতিক সময়ে সারা দেশজুড়ে একাধিক অভিযানে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার হয়েছে, সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে অজিত ডোভাল। তাঁর দাবি, “শত্রুপক্ষ সক্রিয় থেকেও হামলা ঘটাতে পারেনি। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ক্ষমতা দৃঢ় হয়েছে।”
বাম উগ্রবাদ নিয়েও আশাবাদী দেশের নিরাপত্তা উপদেষ্টা। তাঁর বক্তব্য, “২০১৪ সালে যে এলাকাগুলিতে বাম উগ্রবাদী তৎপরতা ছিল, এখন তা ১১ শতাংশেরও কম। বহু জেলা এখন ‘সুরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষিত।” ডোভালের মতে, শুধু নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা নয়, নাগরিকের আত্মবিশ্বাসও বাড়ানো জরুরি। “প্রত্যেক ভারতীয়কে নিরাপদ বোধ করানো আমাদের লক্ষ্য। দেশের কাছে ইচ্ছাশক্তি ও প্রতিক্রিয়া জানানোর সামর্থ্য দুই-ই আছে”, বলেন তিনি।
প্রতিবেশী দেশের অস্থিরতার প্রসঙ্গও তোলেন এনএসএ। বাংলাদেশ (Bangladesh), শ্রীলঙ্কা (Sri Lanka) ও নেপালে (Nepal) সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার উদাহরণ দিয়ে ডোভালের সংযোজন, প্রতিবেশী দেশের নিরিখে ভারত এখন জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রতিরোধ এবং প্রতিক্রিয়ার সক্ষমতা দু’দিকেই শক্ত ভিত গড়েছে।
বেশ কয়েকমাস আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট বলেছিলেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশে মাওবাদ শেষ করতে হবে। তাঁর পরিসংখ্যান অনুযায়ী, '২০০৪-১৪ সালের তুলনায় ২০১৪-২৪ সালে নকশাল ঘটনা ৫৩ শতাংশ কমেছে।' তবে পাশাপাশিই তাঁর সাফ বক্তব্য, 'এবার শক্তিশালী কৌশল নিয়ে মাওবাদী সমস্যায় চূড়ান্ত আঘাত হানার সময় এসেছে।' তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, ২০২৬ সালের মার্চের মধ্যে আমরা দেশকে চরম বামপন্থী উগ্রপন্থা থেকে মুক্ত করতে পারব।'