বুধবার মেস্কিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন।
শেষ আপডেট: 11 December 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার পর এবার ভারত থেকে আমদানি করা পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো। বুধবার মেস্কিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। ভারত ছাড়াও চিন সহ আরও কয়েকটি এশীয় দেশের উপর এই শুল্ক বসতে চলেছে। পর্যবেক্ষক মহলের মতে, এই নীতির পিছনে রয়েছে আমেরিকাকে খুশি করার চেষ্টা।
ইংরেজি নববর্ষের শুরুর দিন থেকেই অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বসছে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক ও ইস্পাতে। যে দেশগুলির সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই সেই দেশগুলির উপর এই শুল্ক বসবে। যেমন- ভারত, দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার উপর এর প্রভাব পড়বে।
আগামী বছর থেকে মেক্সিকো প্রায় ৩৩,৯১০ কোটি টাকা অতিরিক্ত বাণিজ্য শুল্ক আদায় করার লক্ষ্য নিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ক্লদিয়ার এই নীতি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার লক্ষ্য। ট্রাম্প যাতে আমেরিকা-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করেন, তার জন্যই এই নীতি নিয়েছেন তিনি। মেক্সিকো হল আমেরিকার সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার।
এ বছরের গোড়ার দিকেই মেক্সিকো চিনের উপর অতিরিক্ত কর চাপিয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মেক্সিকো সরকারকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে চলেছেন। অন্যদিকে, অন্য একটি রাসায়নিকে ২৫ শতাংশ কর চাপিয়েছেন। এ সপ্তাহের শুরুতে ট্রাম্প ফের আরও ৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন।