প্রাথমিকভাবে খবর, বিহারের বর্তমান ভোটার তালিকা থেকে ৩৯ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। তারা ভারতীয় নন বলে কমিশনের বুথ লেভেল অফিসারের চিহ্নিত করেছে।

বিহারে চাপে বিজেপিও
শেষ আপডেট: 15 July 2025 08:57
দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision of voter list) ঘিরে গোটা দেশের বিরোধী শিবির নির্বাচন কমিশনের (election commission of India) বিরুদ্ধে এককাট্টা। কমিশনকে ঠেকাতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme court)। এই ইস্যুতে বিজেপি একদিকে, অন্যদিকে, বাকি সব দল, এমনকী বিহারে পদ্ম শিবিরের শরিকেরাও কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত।
সেই বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশ্যাল ইন্টেনশিভ রিভিশন শুরুর পর নটক নড়েছে বিহার বিজেপির। প্রাথমিকভাবে খবর, বিহারের বর্তমান ভোটার তালিকা থেকে ৩৯ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। তারা ভারতীয় নন বলে কমিশনের বুথ লেভেল অফিসারের চিহ্নিত করেছে। ঘটনা হল, এই পরিসংখ্যান জানার পর বিহারের পদ্ম শিবিরের নেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।
বিজেপি নেতারা জানতে পেরেছেন, বাদ দেওয়ার জন্য চিহ্নিত ৩৯ লাখের মধ্যে কয়েক লাখ ভোটার আছেন যারা বিগত বহু বছর যাবত বিজেপিতে ভোট দিয়ে আসছে। এই সমস্যা জানার পর বিহার বিজেপির সাংগঠনিক সম্পাদক ভিখু ভাই দালসানিয়া সোমবার দলের ২৬জন পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। এই পদাধিকারীরা দলের তরফে ভোটার তালিকা সংশোধনের কাজ তদারকির দায়িত্বে আছেন।
তাঁরা দলকে জানিয়েছেন, বিএলও বা বুথস্তরের অফিসারেরা যে মানদণ্ডে নাগরিকত্ব যাচাই করছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। নানা কারণে অনেক পরিবার উপযুক্ত নথিপত্র দেখাতে পারছেন না। কিন্তু তারা যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতে বসবাস করছেন তা নিয়ে কোনও সংশয় নেই। প্রতিবেশীরা তাদের হয়ে সাক্ষ্য দিলেও বিএলও-দের হাত-পা বাঁধা। তাঁরা নথির অভাবে নাম কালো তালিকাভুক্ত করছেন।
প্রসঙ্গত, বিরোধী দলগুলি বিশেষ নিবিড় তালিতা সংশোধনের সিদ্ধান্ত নিয়ে এই সব ইস্যুতেই আপত্তি তুলেছে। নানা বাস্তব কারণে অনেকের কাছে উপযুক্ত নথি নেই। শুধু এই কারণে কারও নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় না।