সব আঞ্চলিক শক্তি আপাতত এই উদ্যোগের সঙ্গী নয়। মিজোরামের জোরম পিপলস মুভমেন্ট, নাগাল্যান্ডের এনডিপিপি এবং অসম গণ পারিষদ - তিনটি দলই উদ্যোগে নেই।

এমহোনলুমো কিকন, কনরাড সাংমা, প্রদ্যোত মানিক্য দেববর্মা
শেষ আপডেট: 4 November 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের (Northeast India) রাজনীতিতে (Politics) নতুন অধ্যায়ের সূচনা। মঙ্গলবার দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠক করে অঞ্চলজুড়ে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম (One Political Platform) গঠনের ঘোষণা করা হল। তা করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী (Meghalaya CM) কনরাড সাংমা (Conrad Sangma), ত্রিপুরার টিপ্রা মোথা (Tipra Motha) প্রধান প্রদ্যোত মানিক্য দেববর্মা (Pradyot Manikya Dev Verma), পিপলস পার্টির ড্যানিয়েল লাংথাসা (Daniel Langthasa) এবং নাগাল্যান্ডের (Nagaland) মন্ত্রী এমহোনলুমো কিকন (Mmhonlumo Kikon)। লক্ষ্য, আঞ্চলিক স্বার্থকে শক্তিশালী করে জাতীয় রাজনীতিতে একতরফা অবস্থান তৈরি করা।
এই প্রকল্পকে রূপ দিতে তৈরি হয়েছে একটি বিশেষ কমিটি (Special Committee)। ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি জেমস সাংমা নেতৃত্ব দেবেন এই টিমে। আগামী দেড় মাসের মধ্যে একত্রিত মঞ্চের কাঠামো, নীতি ও সাংগঠনিক পরিকল্পনা চূড়ান্ত করবে কমিটি।
নেতৃত্বের বক্তব্য, এতদিন উত্তর-পূর্বের উন্নয়ন (Development of Northeast), পরিচয় ও অধিকার নিয়ে আলাদা প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয়েছে। সেই অবস্থান বদলে এখন প্রয়োজন সম্মিলিত কণ্ঠস্বর।
কনরাড সাংমার কথায়, "সময়ের দাবি, আঞ্চলিক স্বার্থকে সামনে রেখে এক হয়ে এগোনো। আমাদের পূর্বসূরীদের ভাবনা থেকেই এই উদ্যোগ।" প্রদ্যোত মানিক্য যোগ করেন, "ব্যক্তিগত হিসেব রেখে উন্নয়ন হয় না। মানুষের জন্য এক হতে হবে। আজ তার প্রথম পদক্ষেপ।”
তবে সব আঞ্চলিক শক্তি আপাতত এই উদ্যোগের সঙ্গী নয়। মিজোরামের জোরম পিপলস মুভমেন্ট, নাগাল্যান্ডের এনডিপিপি এবং অসম গণ পারিষদ - তিনটি দলই উদ্যোগে নেই। বিজেপির সঙ্গী হলেও এই নতুন প্ল্যাটফর্মে এখনই যোগ দিচ্ছে না তারা।
উত্তর-পূর্বে আঞ্চলিক স্বর কতটা শক্তিশালী হতে পারে, সেইদিকে এখন নজর জাতীয় রাজনীতিরও।