ঝাড়খণ্ড এমপি-এমএলএ আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে এই নির্দেশ জারি করেছে। ২৬ জুন তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 24 May 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের ঘটনা। রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে মানহানির বড় অভিযোগ তুলেছিলেন (Defamation Case) এক বিজেপি নেতা (BJP Leader)। মামলাও রুজু হয়েছিল। সেই পুরনো মামলায় নতুন করে বিপদ বাড়ল কংগ্রেস নেতার। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা (Non-Bailable Warrant) জারি করল আদালত। রাহুলকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বিজেপি নেতা প্রতাপ কাটিয়ারের অভিযোগ ছিল, ২০১৮ সালে তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের অধিবেশন চলাকালীন তিনি নাকি দাবি করেছিলেন, অমিত শাহর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। বিজেপি নেতার বক্তব্য ছিল, কোনও প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য আদতে মানহানিকর এবং দলের কর্মীদের অপমান করে। সেই প্রেক্ষিতেই ঝাড়খণ্ডের চাইবাসার আদালতে মামলা করেছিলেন তিনি।
এত বছর পর সেই মামলাতেই ঝাড়খণ্ড এমপি-এমএলএ আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে এই নির্দেশ জারি করেছে। ২৬ জুন তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও কংগ্রেস নেতার আইনজীবীর আর্জি ছিল, সশরীরে হাজিরার নির্দেশ যেন প্রত্যাহার করা হয়। কিন্তু আদালত সেই আবেদন পত্রপাট খারিজ করে দিয়েছে।
রাহুলের বিরুদ্ধে এই মামলা প্রথমে শুনছিল ঝাড়খণ্ড হাইকোর্ট। পরে তা সিজেএম আদালত থেকে রাঁচি স্পেশাল এমপি-এমএলএ আদালতে পাঠিয়ে দেওয়া হয়। ২০২০ সালের পর থেকে এই মামলায় একাধিকবার সমন পাঠানো হয়েছিল রাহুল গান্ধীকে। কিন্তু তিনি হাজিরা দেননি। এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল তাঁর বিরুদ্ধে।