নিক্কির দিদি কাঞ্চন, যিনি নিজেও ভাটি পরিবারেই বিয়ে করেছেন, সরাসরি অভিযোগ তুলেছেন, নিক্কির স্বামী বিপিন এবং শাশুড়ি দয়া, নিক্কিকে আগুনে পুড়িয়ে দেন।

শেষ আপডেট: 25 August 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: পণের দাবিতে নয়ডায় স্বামী ও শ্বশুরবাড়ির হাতে খুন তরুণী। নিক্কি খুনের ঘটনায় স্বামী ও শাশুড়িকে রবিবার গ্রেফতার করে পুলিশ। এবার ধরা হল আরেক অভিযুক্ত অর্থাৎ নিক্কির দেওর রোহিত ভাটি ও শ্বশুর সত্যবীরকে।
গ্রেটার নয়ডার এই ঘটনায়, নৃশংসতায় শিউরে উঠেছে দেশ। অভিযোগ, নিক্কিকে ৩৬ লক্ষ টাকার পণের দাবিতে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত গায়ে তেল ঢেলে পুড়িয়ে মারা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে। বৃহস্পতিবার, ২১ অগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নিক্কির দিদি কাঞ্চন, যিনি নিজেও ভাটি পরিবারেই বিয়ে করেছেন, সরাসরি অভিযোগ তুলেছেন, নিক্কির স্বামী বিপিন এবং শাশুড়ি দয়া, নিক্কিকে আগুনে পুড়িয়ে দেন।
কাঞ্চন প্রকাশ করেছেন একাধিক ভয়াবহ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে নিক্কিকে মারধর করছেন বিপিন ও তাঁর মা দয়া। আরও একটি ভিডিওতে দেখা যায়, আগুনে পুড়তে পুড়তে নিক্কি সিঁড়ি দিয়ে নীচে নামছেন। অন্য এক ফুটেজে নিক্কিকে গুরুতর দগ্ধ অবস্থায় মেঝেতে বসে থাকতে দেখা যায়।
পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত বিপিনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। অন্য দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে।