প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই নজিরবিহীন ঘটনায় কেন্দ্রীয় সরকারের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজা
শেষ আপডেট: 21 October 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: টোল প্লাজা (Toll Plaza) দিয়ে একের পর এক বেরিয়ে যাচ্ছে গাড়ি। থামাথামির কোনও ব্যাপার নেই। হলটা কী! জানা গেল দীপাবলির বোনাস (Diwali bonus) না পেয়ে ক্ষুব্ধ টোল প্লাজা কর্মীরা (Toll plaza employee)। প্রতিবাদ জানাতে খুলে দিলেন আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজা। হাজার হাজার গাড়ি বিনা টোল ফি-তেই এক্সপ্রেসওয়ে (Agra Lucknow Expressway) পার হয়ে যায়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই নজিরবিহীন ঘটনায় কেন্দ্রীয় সরকারের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভিডিও ও স্থানীয় ফুটেজে দেখা গেছে, গাড়িগুলি টোল বুথের সামনে না দাঁড়িয়েই বিনা ফি-তেই পার হচ্ছে, কর্মীরা বুম ব্যারিয়ার খুলে বসে আছেন।
এক প্রতিবাদী কর্মীর কথায়, “আমি এক বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি। আমাদের কোনও বোনাস দেওয়া হয়নি। শুধু তাই নয়, অনেক সময় বেতনও দেরিতে পাই। এখন কোম্পানি বলছে, কর্মীদের বদলে নতুন লোককে নিয়োগপত্র দেবে, কিন্তু বোনাস দেবে না।”
টোল প্লাজা পরিচালনার দায়িত্বে থাকা শ্রীসাই এবং দাতার কোম্পানির কর্মীরা দাবি করেন, দীপাবলির আগের সপ্তাহে বোনাস তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি।
এরপর ক্ষুব্ধ কর্মীরা রবিবার রাতে টোল গেটের ব্যারিয়ার খুলে বিক্ষোভে বসার সিদ্ধান্ত নেন। প্রায় ১০ ঘণ্টা ধরে এই ধর্মঘট চলে। পরে কর্মকর্তারা বোনাস দেওয়ার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ। এটি সরাসরি আগ্রাকে লখনউয়ের সঙ্গে যুক্ত করে এবং যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে দিল্লি ও এনসিআর অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করে।
জানা গিয়েছে, কোম্পানির পক্ষ থেকে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।