কালক্ষেপ না করে জবাব দেওয়ার সুযোগ কাজে লাগিয়েছে নয়াদিল্লি। কয়েক ঘণ্টা পরই পাক প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিতে ওঠেন ভারতের প্রতিনিধি।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 27 September 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের (United Nations) মঞ্চে ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনা বজায় রাখার অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahabaz Sharif, Pakistan Prime Minister)। শনিবার সকাল সকাল কড়া জবাব পেলেন। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটাল গহলট বলেন, 'অযৌক্তিক নাটক' (absurd theatrics) সাজাবেন না। গোটা বিশ্ব জানে পাকিস্তান কী করে। সারা বছর ভারতের বিরুদ্ধে জঙ্গি নাশকতা চালিয়ে যুদ্ধ উন্মাদনা চালিয়ে যায়।
ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী শরিফ। দু'দিন ধরে ফুরফুরে মেজাজে আছেন পড়শি দেশের প্রধানমন্ত্রী। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন শরিক। হোয়াইট হাউসে তাঁর পিঠ চাপড়ে দেন ট্রাম্প। দেখা যায়, রাষ্ট্রসংঘের ভাষণে ভারত-পাক যুদ্ধ নিয়ে ট্রাম্পের কথাগুলিই বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধ বিরতি উপক্ষা করে ভারত যুদ্ধের দামামা বাজিয়ে চলছে বলে অভিযোগ করেন।
কালক্ষেপ না করে জবাব দেওয়ার সুযোগ কাজে লাগিয়েছে নয়াদিল্লি। কয়েক ঘণ্টা পরই পাক প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিতে ওঠেন ভারতের প্রতিনিধি।
নয়াদিল্লির সাফ কথা পাকিস্তান হল সেই দেশ যারা জঙ্গি সরবরাহ করাকে তাদের বিদেশনীতির অংশ করে তুলেছে। পহেলপাম থেকে শুরু করে একাধিক ঘটনায় পাকিস্তানের জঙ্গি যোগ সামনে এসেছে।
ওসামা বিন লাদেনের মতো প্রসঙ্গ টেনে ভারতের প্রতিনিধি বলেন, এমন সন্ত্রাসবাদীকেও পাকিস্তান আশ্রয় দিয়েছিল। দেশটি গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক। গহলট বলেন, দুর্ভাগ্যের হল, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত জঙ্গিদের মহিমান্বিত করতে নেমে পড়েছেন।