আগামীকাল বৃহস্পতিবার ফের বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন নীতীশ কুমার। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে সকাল দশটায় শপথ গ্রহণ করবেন তিনি। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী ও এনডিএ শরিক দলের নেতাদের উপস্থিত থাকার কথা।

শেষ আপডেট: 19 November 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল বৃহস্পতিবার ফের বিহারের মুখ্যমন্ত্রীর (Bihar CM) দায়িত্ব নিতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে সকাল দশটায় শপথ গ্রহণ করবেন তিনি। শপথ অনুষ্ঠানে (Oath Taking Ceremony) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী ও এনডিএ শরিক দলের নেতাদের উপস্থিত থাকার কথা।
বুধবার রাজভবনে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদের দাবি পেশ করেন নীতীশ। তার আগে জনতা দল ইউনাইটেড এর পরিষদীয় দলের বৈঠকে দলের নবনির্বাচিত বিধায়কেরা তাঁকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেন।
অন্যদিকে বিজেপির পরিষদীয় দলের (BJP) বৈঠকে নেতা নির্বাচিত হয়েছেন উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। উপনেতা নির্বাচিত হয়েছেন আরেক উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। তাৎপর্যপূর্ণ হল কুমারকে সরকার প্রধান হিসেবে বেছে নিতে এনডিএ পরিষদীয় দলের কোন বৈঠক হয়নি। তবে রাজ্যপালের কাছে এনডিএ পরিষদীয় দলের নেতা হিসেবেই নিজের পরিচয় পেশ করেন নীতীশ কুমার।
জানা গিয়েছে বিধানসভার স্পিকারের পথটি নিয়ে বিজেপি ও জেডিইউ'র মধ্যে দড়ি টানাটানি চলছে। কোন শরিকের কতজন মন্ত্রী হবেন তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
২০০০ সাল থেকে এ পর্যন্ত নীতীশ কুমার মোট নয় বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমবার মাত্র দেড় সপ্তাহ টিকে ছিল তাঁর সরকার। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁকে পদত্যাগ করতে হয়। এছাড়া জোট বদল করার কারণেও অতিরিক্ত চারবার শপথ নিয়েছেন তিনি। সব মিলিয়ে নয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রেকর্ড এখন তারই দখলে। বৃহস্পতিবার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি নিজেরই রেকর্ড ভাঙবেন।
অসুস্থতার কারণে তিনি এবার মুখ্যমন্ত্রী হবেন না, দলের কাউকে পথ ছেড়ে দেবেন, বুধবার সকাল পর্যন্ত এ নিয়ে জল্পনা ছিল। দুপুরের পর স্পষ্ট হয়ে যায় বর্তমান মুখ্যমন্ত্রীই আপাতত বিহারের দায়িত্ব সামলাবেন।
এই দফায় নীতীশ কুমার পুরো পাঁচ বছর মুখ্যমন্ত্রী তো করবেন কিনা তা নির্ভর করছে তাঁর শরীর স্বাস্থ্যের উপর। এছাড়া বিজেপির চাপ তো থাকবেই। এবারই বিজেপি চেয়েছিল নীতীশকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করবে। শেষ পর্যন্ত তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। মুখ্যমন্ত্রী পদ দখলের বাসনায় বিজেপি নির্বাচনের দামামা বাজার পরও নীতীশকে পরবর্তী মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করেনি। তবে ভোট শুরুর মুখে তারা পরিস্থিতি আজ করে ঘোষণা করেন নীতীশ কুমারী ফের মুখ্যমন্ত্রী হবেন। বাস্তবে বিহারের অভাবনীয় ফলাফলের পেছনে নীতীশ কুমার ও তার দল জেডিইউ-র ভূমিকা রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে।