আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-জেডিইউ জোটের তরফে বড় পদক্ষেপ। বর্তমানে এই জোট রাজ্যের ক্ষমতায় থাকলেও, বিরোধী আরজেডি-কংগ্রেস ফ্রন্টও সমানে পাল্টা চাপ তৈরি করছে।

নীতীশ কুমার
শেষ আপডেট: 21 June 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: ভোটের বছরে (Election) বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রাজ্যের বয়স্ক নাগরিক, বিশেষভাবে সক্ষম ও বিধবা মহিলাদের মাসিক সামাজিক সুরক্ষা পেনশন ৪০০ টাকা থেকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাঁর সরকার।
এই সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী জুলাই থেকে বিধবা মহিলা, বয়স্ক নাগরিক এবং বিশেষভাবে সক্ষমরা প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১ হাজার ১০০ টাকা করে পাবেন। এই অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ তারিখে পাঠানো হবে। এর জন্য উপকৃত হবেন প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ।”
मुझे यह बताते हुए खुशी हो रही है कि सामाजिक सुरक्षा पेंशन योजना के तहत सभी वृद्धजनों, दिव्यांगजनों और विधवा महिलाओं को अब हर महीने 400 रु॰ की जगह 1100 रु॰ पेंशन मिलेगी। सभी लाभार्थियों को जुलाई महीने से पेंशन बढ़ी हुई दर पर मिलेगी। सभी लाभार्थियों के खाते में यह राशि महीने की 10…
— Nitish Kumar (@NitishKumar) June 21, 2025
রাজনৈতিক মহলের মত, এই ঘোষণা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-জেডিইউ জোটের তরফে বড় পদক্ষেপ। বর্তমানে এই জোট রাজ্যের ক্ষমতায় থাকলেও, বিরোধী আরজেডি-কংগ্রেস ফ্রন্টও সমানে পাল্টা চাপ তৈরি করছে। এই প্রেক্ষিতেই দরিদ্র ও সামাজিকভাবে পিছিয়ে থাকা শ্রেণিকে আরও জোরদার বার্তা দিতে চাইছে এনডিএ।
তবে নীতীশ সরকার শুধু পেনশন নয়, কর্মসংস্থানেও নজর দিচ্ছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন (MGNREGA)-এর অধীনে গ্রামের প্রধানদের ক্ষমতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আগে মুখিয়ারা ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প অনুমোদন করতে পারতেন, এখন থেকে তা বেড়ে হয়েছে ১০ লক্ষ টাকা।
সরকারি সূত্রের খবর, গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক প্রকল্প ও রোজগারের সুযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, পঞ্চায়েত স্তরে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া আরও দ্রুত করতে এই ক্ষমতা বাড়ানো হয়েছে।